নিজস্ব প্রতিবেদক : কোনো ধরনের উৎসব ছাড়াই বিদ্যালয়ে গিয়ে নতুন বই নিয়ে এলেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে একই চিত্র দেখা যায়। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হয়। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এ বছর কোনো উৎসব ছাড়াই বই বিতরণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন, এবার উৎসব হবে না। এটা গত ৩০ ডিসেম্বরই সিদ্ধান্ত হয়েছে। শুধুমাত্র স্ব স্ব স্কুলে শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করে। গতকাল সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ বই বিতরণ করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক বলেন, ‘প্রাথমিকের সব পাঠ্যবই আগেই স্কুলে স্কুলে পৌঁছেছে। গতকাল প্রায় শতভাগ বই বিতরণ হয়।’
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবার মোট বইয়ের সংখ্যা আট কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি। শতভাগ বই ছাপা, বাঁধাই, কাটিংয়ের কাজ শেষে বিতরণের জন্য উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
বছরের প্রথম দিনে প্রাথমিক স্তরের সব শিক্ষার্থী নতুন বই পেলেও মাদরাসার প্রাথমিক স্তর এবং স্কুল ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা বেশির ভাগ বই পায়নি। গতকাল রাজধানীর আজিমপুর, লালবাগ, বংশাল, বাড্ডা, রামপুরা ও খিলগাঁও এলাকার একাধিক সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয় এমন বিদ্যালয়গুলো ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
প্রিন্ট করুন

Discussion about this post