নিজস্ব প্রতিবেদক : শীঘ্রই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ লেবার পার্টি ১০০ আসনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রাথমিক তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
শুক্রবার (০৩ অক্টোবর) নয়াপল্টন দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির জরুরি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, লেবার পার্টি আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে জন্মলগ্ন থেকে রাজপথে লড়াই সংগ্রাম করছে। ২০২৬ সালের নির্বাচনে লেবার পার্টির একাধিক সদস্যকে জাতীয় সংসদে পাঠাতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ২৪ অক্টোবর ঢাকায় লেবার পার্টির বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হবে।
লেবার পার্টির নিবন্ধন প্রাপ্তিতে দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক কৃতজ্ঞা জানিয়ে ইরান বলেন, আমরা আনারস মার্কা নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া খাই খাই রাজনীতি ও লুটপাটের বিরুদ্ধে গণজাগরণ তৈরিতে কাজ করবো। লেবার পার্টি বিগত ১৭ বছরে ফ্যাসিবাদ ও জুলাই গণ-আন্দোলনের সম্মুখ সারির রাজনৈতিক দল। আমরা ২০০৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিলাম। পরে যুগপৎ আন্দোলনের শরিক হিসাবে কাজ করছি। বর্তমানে লেবার পার্টি কোনো জোটে না থাকলেও সমমনা শক্তি হিসাবে বিএনপির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।
ইরান বলেন, আমরা প্রাথমিকভাবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে প্রার্থী ঘোষণা করবো। কোনো জোট বা সমন্বয় হলে লেবার পার্টির নির্বাহী কমিটি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
সভায় বিগত সময়ে লেবারপার্টির সাংগঠনিক কারণে বহিষ্কৃতদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের আলোচনার ভিত্তিতে পদায়ন করা হবে।
লেবার পার্টির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গঠনতন্ত্র সংশোধনের কারণে বিশেষ কাউন্সিল অধিবেশন একত্রে ২৪ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানান লেবার পার্টির চেয়ারম্যান।
সভায় উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম, মোহেব্বুল্লাহ আল মাহাদী, মহিলা সম্পাদক নাসিমা নাজনিন সরকার, দপ্তর সম্পাদক মিরাজ খান প্রমুখ।
এস এস
প্রিন্ট করুন











Discussion about this post