নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরের আগে দেশের পুঁজিবাজারে টানা দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমে যাওয়ায় সূচকও নিম্নমুখী অবস্থানে রয়েছে। ঈদের আগে বাজারে কিছুটা ইতিবাচক ধারা ফিরবেÑএমন আশা থাকলেও উল্টো দরপতন বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও উদ্বেগ আরও বেড়েছে। একইসঙ্গে কমেছে এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণও।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকে ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। তবে অল্প সময়ের মধ্যে দাম কমার তালিকায় চলে আসে বেশি প্রতিষ্ঠান। লেনদেনের শেষ পর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমার প্রবণতা অব্যাহত থাকে। এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দর বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দর কমেছে ২৪৬টির। আর ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৭১ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ২ হাজার ৪৩ পয়েন্টে উঠে এসেছে।
সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫২৩ কোটি ৫৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৯১ কোটি ৫৭ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৩ লাখ টাকা। এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই দশমিক ৪৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান মূল্যসূচক সিএসসিএক্স ১১ পয়েন্ট কমে ৯ হাজার ১৪৯ পয়েন্টে নেমেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫২টির এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৪ কোটি ৯৫ লাখ টাকা।
প্রিন্ট করুন








Discussion about this post