নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত ও অ-করযোগ্য সংস্থা হিসেবে বিবেচিত হওয়ায় বাংলাদেশ রেলওয়েকে আর আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে না। সরকারের সিদ্ধান্তে গণপরিবহন প্রতিষ্ঠানটি আয়কর রিটার্ন জমা দেয়ার বাধ্যবাধকতা থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি পেয়েছে।
গতকাল রোববার এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর আইন ২০২৩-এর উপধারা (৪)-এর ক্ষমতাবলে বাংলাদেশ রেলওয়েকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসআর) উপস্থাপন করা থেকে অব্যাহতি প্রদান করে।
আদেশে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে সরকারি প্রতিষ্ঠান এবং করযোগ্য সত্তা না, বিধায় জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এর উপ-ধারা (৪)-এর ক্ষমতাবলে বাংলাদেশ রেলওয়েকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসআর) উপস্থাপন করা হতে এতদ্বারা অব্যাহতি প্রদান করল।
এর আগে গত আগস্ট মাসে ২০ লাখ টাকার ঋণ গ্রহণসহ ৩৯টি সেবা গ্রহণে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) জমাদান বাধ্যতামূলক করে সরকার। এ ছাড়া বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ পেতে বা নবায়ন করতেও এটি প্রয়োজন হবে।
গত অর্থবছরে ৪৫ সেবা নেওয়ার ক্ষেত্রে পিএসআর নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও চলতি অর্থবছরের ছয়টি কমানো হয়। এছাড়া জাতীয় নির্বাচনে অংশগ্রহণে ও সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়ানোর ক্ষেত্রেও পিএসআর দাখিল করতে হবে। তবে ৩৯টি সেবা ছাড়াও আরও ১২টি সেবা নিতে টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়ন দাখিলের বিধান করা হয়।
প্রিন্ট করুন










Discussion about this post