নিজস্ব প্রতিবেদক : জ্বালানি খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির অধীন দুটি সহযোগী কোম্পানির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানা গেছে নিরীক্ষা প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ থাকায় কোম্পানি দুটির টিকে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ২০২৪-২৫ হিসাববছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছে আহসান মঞ্জুর অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা অংশীদার মো. রাগিব আহসান সহযোগী কোম্পানি আবসার অ্যান্ড ইলিয়াস এন্টারপ্রাইজেস লিমিটেড এবং ইন্ট্রাকো অটোমোবাইলস লিমিটেডের আর্থিক প্রতিবেদনেও নিরীক্ষকের দায়িত্ব পালন করেন। নিরীক্ষা মতামতে দুই সহযোগী প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকায় তাদের ধারাবাহিকতা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করা হয়।
আবসার অ্যান্ড ইলিয়াস এন্টারপ্রাইজেস লিমিটেডে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের মালিকানা ৯৫ শতাংশ। মূল সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে সর্বশেষ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি প্রায় ৫৬ লাখ টাকা লোকসান গুনেছে। তবে ইন্ট্রাকো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় সরঞ্জাম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।
অন্যদিকে, ইন্ট্রাকো অটোমোবাইলস লিমিটেডেও ইন্ট্রাকোর মালিকানা ৯৫ শতাংশ। জমির মালিকের সঙ্গে ইজারা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২০২৫ সালের মার্চের প্রথম সপ্তাহ থেকে এ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। এ সহযোগী কোম্পানিতে করা বিনিয়োগ ভোলা নন-পাইপ গ্যাসলাইন ইউনিটে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় ইন্ট্রাকোর পর্ষদ, যা গত বছরের ফেব্রুয়ারিতে অনুমোদিত হয়।
অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২১ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ২৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৪৫ পয়সা।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাববছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। ওই বছরে ইপিএস হয়েছে ৮৬ পয়সা, আগের বছরে যা ছিল ৮৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে এনএভিপিএস দাঁড়ায় ১৩ টাকা ২৪ পয়সায়।
এর আগে ২০২৩-২৪ হিসাববছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়। সে বছর ইপিএস ছিল ৮৮ পয়সা, যেখানে আগের বছরে তা ছিল ১ টাকা ২৯ পয়সা।
২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভ রয়েছে ৩২ কোটি ৮৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৭৫০টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ০৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৯২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০ দশমিক ০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৪৮ দশমিক ৯৮ শতাংশ।
প্রিন্ট করুন








Discussion about this post