নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (১৮ থেকে ২২ জানুয়ারি, ২০২৬) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময় উভয় পুঁজিবাজারেই লেনদেনের পরিমাণ বেড়েছে। পাশাপাশি সপ্তাহজুড়ে ডিএসই ও সিএসই মিলিয়ে বাজার মূলধন বেড়েছে ১১ হাজার ৭১৫ কোটি ৬৬ লাখ টাকা।
আজ শনিবার (২৪ জানুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে— ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৬২ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬২ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৯৬ শতাংশ বেড়ে ১ হাজার ২৫ পয়েন্টে উন্নীত হয়েছে। তবে ডিএসএমইএক্স (এসএমই ইনডেক্স) সামান্য ০ দশমিক ১২ শতাংশ কমে ৯৫১ পয়েন্টে অবস্থান করছে।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি ৯৩ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৪ হাজার ৪৪০ কোটি ৫৫ লাখ টাকা। ফলে এক সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৬ হাজার ৩২৪ কোটি ৩৮ লাখ টাকা বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৭৯ কোটি ৮ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল ১ হাজার ৯০০ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৭২ কোটি ১১ লাখ টাকা।
এ সময়ে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩০৯টির দর বেড়েছে, ৩৮টির দর কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে। তবে ২৫টি কোম্পানির শেয়ারের কোনো লেনদেন হয়নি।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ২ দশমিক ৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৬০ পয়েন্টে।
সিএসইর অন্যান্য সূচকগুলোর মধ্যে— সিএসই-৩০ সূচক ৩ দশমিক ১৫ শতাংশ বেড়ে ১২ হাজার ৮৭১ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ২ দশমিক ৪০ শতাংশ বেড়ে ৮ হাজার ৮২৯ পয়েন্টে, সিএসআই সূচক ২ দশমিক ০৫ শতাংশ বেড়ে ৮৬৯ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ১ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ১ হাজার ৮৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৫৫ কোটি ১৯ লাখ টাকা। আগের সপ্তাহে তা ছিল ৬ লাখ ৯১ হাজার ৩৪৭ কোটি ২৫ লাখ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৩৯১ কোটি ২৮ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৮ কোটি ১৭ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল ৩২ কোটি ৮১ লাখ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২৫ কোটি ৩৬ লাখ টাকা।
এ সময়ে সিএসইতে মোট ২৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭টির দর বেড়েছে, ৭২টির দর কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।
প্রিন্ট করুন










Discussion about this post