নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের সফল সহযোগিতার ধারাবাহিকতায় ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ২০২৬ সালেও এসওএস শিশু পল্লী বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এ উদ্যোগের আওতায় অবহেলিত জনগোষ্ঠীর যুব দক্ষতা উন্নয়ন এবং বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বর্তমান অংশীদারিত্বের আওতায় দুটি প্রধান উদ্যোগ— ভোকেশনাল রিনিউয়াল প্রজেক্ট এবং ক্লিন ওয়াটার প্রোগ্রাম— আরও জোরদার করা হবে। এসব কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিতকরণে সরাসরি অবদান রাখবে।
সম্প্রতি ঢাকায় ইবিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের হেড অব প্ল্যানিং, স্ট্র্যাটেজি অ্যান্ড গভর্ন্যান্স আশরাফ উজ জামান এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হক-এর হাতে এ সংক্রান্ত দুটি চেক হস্তান্তর করেন।
ভোকেশনাল রিনিউয়াল প্রজেক্টের আওতায় এসওএস ভোকেশনাল ট্রেনিং সেন্টার (ভিটিসি) থেকে অবহেলিত যুবকদের বাজার উপযোগী কারিগরি প্রশিক্ষণ, সনদ প্রদান, কর্মপ্রস্তুতি এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে তারা দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে আশরাফ উজ জামান বলেন, “ইস্টার্ন ব্যাংকে আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়নের ভিত্তি হচ্ছে সক্ষম যুবসমাজ। কারিগরি দক্ষতায় বিনিয়োগের মাধ্যমে আমরা তরুণদের সম্মানজনক জীবিকা গড়ে তোলার সুযোগ তৈরি করছি, যাতে তারা সমাজে ইতিবাচক অবদান রাখতে পারে।”
একই সঙ্গে ক্লিন ওয়াটার প্রোগ্রাম-এর আওতায় ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের জন্য ১৬টি টেকসই মডেলের গভীর নলকূপ স্থাপনে সহায়তা করবে ইবিএল। প্রতিটি নলকূপে সাবমার্সিবল পাম্প, পানির ট্যাংক ও সোলার প্যানেল সংযুক্ত থাকবে, যা পরিবেশবান্ধব উপায়ে দীর্ঘমেয়াদে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করবে।
এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হক বলেন, ‘এ ধরনের অর্থবহ অংশীদারিত্ব আমাদের তাৎক্ষণিক সহায়তার বাইরে গিয়ে টেকসই পরিবর্তনে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে— যাতে শিশুরা সুস্থভাবে বেড়ে ওঠে এবং তরুণরা আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে।’
অনুষ্ঠানে এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের অফিসার, ফান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস মো. আরমান কবির মাহিদ এবং ইবিএলের হেড অব বিজনেস ইনফরমেশন সিস্টেমস মো. মাসকুর রেজা, এফসিএসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন









Discussion about this post