নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার সরকারের সময় অবকাঠামো উন্নয়ন, আইনের শাসন, বিনিয়োগের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চয়তার নীতি দেশের অর্থনীতিকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সাহায্য করেছে।
শুক্রবার দুপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় আন্তর্জাতিক চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান এ কথা বলেন।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষ রাজনৈতিক, কূটনৈতিক, সাংবাদিক, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ, গবেষক, সম্পাদক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠান শেষ হয়।
মাহবুবুর রহমান বলেন, একই সময়ে সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও তার (খালেদা জিয়া) কিছু উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ছিল। এ সময় তিনি খালেদা জিয়ার শিক্ষা ও মানুষের দক্ষতা বাড়ানোর জন্য নেওয়া কর্মসূচিগুলোর কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘ফুড ফর এডুকেশন, প্রাথমিক শিক্ষার বিস্তার এবং মেয়েদের পড়াশোনার সহায়তা অনেক দরিদ্র পরিবারকে নতুন আশার আলো দেখিয়েছিল। এর ফলে আরও বেশি মেয়ে স্কুলে যেতে পেরেছে এবং নারীশিক্ষা এগিয়ে গেছে। আজ দেশের নারীর অংশগ্রহণ যে পর্যায়ে পৌঁছেছে, এর পেছনে এই সময়ের এসব উদ্যোগ বড় ভূমিকা রাখে।
নাগরিক শোকসভায় আইসিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান বলেছেন, বাংলাদেশে ব্যবসা এবং অর্থনীতির উন্নতির জন্য খালেদা জিয়ার অবদান ছিল সুদূরপ্রসারী। নব্বইয়ের দশকে খালেদা জিয়ার বাজারমুখী নীতির ফলে বেসরকারি খাত, বাণিজ্য ও বিনিয়োগে গতি আসে।
মানুষ হিসেবে খালেদা জিয়ার আপসহীন নীতির কথা উল্লেখ করে সিমিন রহমান বলেন, খালেদা জিয়ার সময় ভ্যাট পলিসি, আর্থিক খাতের সংস্কার, প্রাইভেটাইজেশন বোর্ড এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনীতি প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী হয়। প্রবাসী আয়, রপ্তানি বৃদ্ধি উন্নয়নকে আরও ত্বরান্বিত করা হয়।
তৈরি পোশাকশিল্পে খালেদা জিয়ার অবদান বিশেষভাবে স্মরণীয় বলে উল্লেখ করেন সিমিন রহমান। তিনি বলেন, একইভাবে ১৯৯৪ সালে ওষুধের মূল্যনীতির ফলে ওষুধশিল্পে গুণগত উন্নয়ন, গবেষণা ও বিনিয়োগ বেড়েছিল। এর ফলে বাংলাদেশ আজ ওষুধে নিজের ওপর শতভাগ নির্ভরশীল। এটি উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি ব্যতিক্রমধর্মী উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি।
সিমিন রহমান বলেন, খালেদা জিয়া সব সময় বিশ্বাস করতেন, ব্যবসা হতে হবে নৈতিকতার সঙ্গে। আর উন্নয়ন হতে হবে মূল্যবোধের ওপর ভিত্তি করে। সাবেক এই সরকারপ্রধানের এসব গুণ নিজের বাবা ও ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের জীবন ও কর্মে দেখেছেন বলে উল্লেখ করেন সিমিন রহমান।
প্রিন্ট করুন







Discussion about this post