শেয়ার বিজ ডেস্ক : মাস কয়েক আগেই ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার কানাডার রেস্তোরাঁয় গুলি চালিয়েছিল বিষ্ণোই গ্যাং। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে ফের একই কাণ্ড ঘটান তারা।
সেই আতঙ্কের মাঝেই এবার কানাডায় জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তেজি কাহালনকে গুলি করে ও হুমকি দেয় রোহিত গোদারা গ্যাং! ঘটনার দায় স্বীকারও করেছে তারা।
সোশ্যাল মিডিয়া পোস্টে সংশ্লিষ্ট নিষিদ্ধগোষ্ঠীর অভিযোগ, প্রতিদ্বন্দ্বী দুষ্কৃতকারী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ সরবরাহ করতেন তেজি কাহালন।
শুধু তাই নয়, রোহিত গোদারা গ্যাং এ-ও দাবি করেছে যে ওই অপরাধী গোষ্ঠীগুলোকে তথ্য দিয়ে সাহায্য করতেন গায়ক। সেই ‘অপরাধে’র মাসুলই কি গুনতে হলো তেজি কাহালনকে? গুলিকাণ্ডের খবর প্রকাশ্যে আসতেই কৌতূহল সর্বত্র।
‘ঝুমর’, ‘মিঠি জেল’, ‘টাইম চাক দা’, ‘বাপু তেরা পুত্ত নিকম্মা’র মতো পাঞ্জাবি গানগুলোর জন্য জনপ্রিয় তেজি কাহালন। সেই গায়কের ওপরই এবার কানাডায় গুলি চলল।
সোশ্যাল মিডিয়া পোস্টে রোহিত গোদারা গ্যাংয়ের তরফে মহেন্দ্র সরণ দিলনা, রাহুল রিনাউ এবং ভিকি ফলওয়ানের নাম উল্লেখ করে জানানো হয়েছে, ‘আমরা কানাডায় তেজি কাহালনের ওপর গুলি চালিয়েছি। একেবারে পাকস্থলীতে গুলি লেগেছে। এবার যদি ও বুঝতে পারে তাহলে ভালো। নতুবা পরেরবার ওকে একদম শেষ করে দেব।
গোদারা গ্যাংয়ের বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্রশস্ত্র, আর্থিক সাহায্যের পাশাপাশি গুপ্তচর হিসেবেও সাহায্য করার অভিযোগ রয়েছে তেজির বিরুদ্ধে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর। তবে গায়কের শারীরিক পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কোনো রকম তথ্য পাওয়া যায়নি।
রোহিত গোদারা গ্যাংয়ের তরফে প্রকাশ্যেই সোশ্যাল মিডিয়া পোস্টে হুমকি ছোড়া হয়েছে, আমাদের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোকে যেসব ব্যবসায়ী, বিল্ডার্স, হাওয়ালা অপারেটররা প্রত্যক্ষ বা পরোক্ষাভাবে সাহায্য করছে, তাদের সবাইকে চরম পরিণতি ভোগ করতে হবে।
সেই পোস্টে আরো উল্লেখ রয়েছে, ‘আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, কেউ যদি সজ্ঞানে কিংবা ভুলবশতও আমাদের শত্রুকে সাহায্য করে থাকে, তাদের পরিবারকেও ছাড়ব না আমরা।
এস এস/
প্রিন্ট করুন










Discussion about this post