নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সব চ্যালেঞ্জ, অনর্থক বিতর্ক ও প্রচারণা পেছনে ফেলে ভোটের দিনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ধানমন্ডির সেন্ট্রাল রোডে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দেখুন এখানকার ভোটের আমেজ এবং ভোটারদের উপস্থিতি। মানুষ সত্যিকার অর্থেই ক্ষমতায়িত হয়েছে। তারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত। সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে। আসুন আমরা এই নির্বাচন এবং সরকারের এই প্রয়াস উদযাপন করি।’
উপদেষ্টা আরও বলেন, ‘গতকাল পর্যন্ত অনেকেই জানতে চেয়েছিল, নির্বাচন হবে কি না। দেশের মানুষের মধ্যে শঙ্কা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সঠিকভাবে অনুষ্ঠিত হবে কি না। তবে আজকের শান্তিপূর্ণ ভোট প্রমাণ করেছে, নেতিবাচক কথাবার্তা কোনোভাবেই প্রযোজ্য নয়।’
নির্বাচন পরবর্তী দায়িত্ব হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, ‘ফলাফল ঘোষণার বিষয়টি আমাদের নয়, এটি নির্বাচন কমিশনের অধীনে। গেজেট নোটিফিকেশন এবং শপথ গ্রহণের মুহূর্তে দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে হস্তান্তর করা হবে। বর্তমানে আমরা দায়িত্বে রয়েছি এবং রাষ্ট্রের প্রতিদিন কিছু না কিছু কাজ চলছে।’
সৈয়দা রিজওয়ানা হাসান ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশকে দেশের গণতন্ত্র পুনরায় শক্তিশালী করার লক্ষ্যে ইতিবাচক সংকেত হিসেবে উল্লেখ করেন।
প্রিন্ট করুন











Discussion about this post