শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী আক্রমণের কড়া নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের সঙ্গে যুক্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে এক প্রেস কনফারেন্সে বাংলাদেশ দলের প্রধান কোচ সিমন্সের কাছে জানতে চাওয়া হয়েছিলো খেলোয়াড়দের নিয়ে বর্ণবাদী আচরণ নিয়ে। উত্তরে সিমন্স বলেন,‘খুব খুশি হলাম প্রসঙ্গটা আপনি তুলেছেন।
সোস্যাল মিডিয়ায় খেলোয়াড়দের কিছু লেখার সঙ্গে আমি একমত নই। ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা এবং সেখানে কিছু বলাটা আপনার অধিকার। কিন্তু বাংলাদেশ জাতীয় দলে খেলা একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে, আমার খেলোয়াড়দের ওখানে কিছু লেখা উচিত না।’ প্রেস কনফারেন্সে সিমন্স বর্ণবাদের বিষয়টিও উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমি শুধু এটুকু বলবো, খেলোয়াড়দের বিষয়ে বর্ণবাদের বিষয় আনা মোটেও ঠিক নয়। আপনি কোন জায়গার, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু এসব ঠিক না। আমি খুবই বিরক্ত জাকের আলীকে নিয়ে এমন (বর্ণবৈষম্যমূলক) মন্তব্যে। এটা মোটেও ঠিক নয়।
কিন্তু আমি চাই না যে আমার খেলোয়াড়রা সোশ্যাল মিডিয়ায় কোনো জবাব দিক।’
সমালোচনার জবাব সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, খেলার মাঠেই দিক, এমনটাই চাওয়া সিমন্সের। সেই সুযোগ ক্রিকেটাররা পাচ্ছেন আগামীকাল। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের টাটকা স্মৃতি ভুলে গিয়ে বাংলাদেশ দল আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নামবে।
সিমন্স এ নিয়ে বলেছেন, ‘শেষ সিরিজটা যেমন কেটেছে, আপনি যেটা পারেন তা হচ্ছে, সবকিছু পেছনে ফেলা।
কারণ, আমরা এর চেয়ে ভালো দল। আমরা আজ এমনভাবেই অনুশীলন করেছি, যেন সামনে ভালো করতে পারি। নিশ্চিত করতে চেয়েছি কাল কীভাবে খেলব, সেদিকে যেন মনোযোগটা থাকে।’
এস এস/
প্রিন্ট করুন










Discussion about this post