চট্টগ্রাম ব্যুরো : দেশের পুঁজিবাজারে পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) মানদণ্ড নিশ্চিত এবং মার্কেট ইন্টিগ্রিটির উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) ও ইউনাইটেড নেশনস গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (ইউএনজিসিএনবি)।
গতকাল সোমবার চট্টগ্রামের আগ্রাবাদের সিএসই ভবনে আয়োজিত ‘এডভানসিং ইএসজি অ্যান্ড মার্কেট ইন্টিগ্রিটি: অপরচুনিটিস ফর বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালা শেষে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
দুই বছর মেয়াদি এই চুক্তির আওতায় সিএসই এবং ইউএনজিসিএনবি যৌথভাবে ইএসজি, করপোরেট গভর্ন্যান্স এবং টেকসই উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ, সেমিনার ও গবেষণা পরিচালনা করবে। এর মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা বৃদ্ধি, বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং একটি দায়িত্বশীল বিনিয়োগ পরিবেশ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্বাগত বক্তব্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার বলেন, ‘এই অংশীদারিত্ব বাংলাদেশের পুঁজিবাজারকে আরও স্বচ্ছ ও নৈতিক করে তুলবে। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত-উভয় ধরনের কোম্পানির মধ্যে ইএসজি চর্চা প্রসারের মাধ্যমে আমরা একটি টেকসই অর্থনীতি গঠনে অবদান রাখতে চাই।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনজিসিএনবির নির্বাহী পরিচালক শাহামিন এস. জামান। তিনি পুঁজিবাজারে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও গ্লোবাল কমপ্যাক্টের দশটি নীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় শিল্প খাতের শীর্ষ নেতা, তালিকাভুক্ত কোম্পানির প্রতিনিধি এবং বিনিয়োগকারীরা অংশ নেন। সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসান তার সমাপনী বক্তব্যে এই উদ্যোগকে পুঁজিবাজারের জন্য একটি ‘মাইলফলক’ হিসেবে অভিহিত করেন।
প্রিন্ট করুন








Discussion about this post