শেয়ার বিজ ডেস্ক : ই–কমার্স জায়ান্ট অ্যামাজন জানিয়েছে, তারা তাদের ডেলিভারি কর্মীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর স্মার্ট চশমা তৈরি করছে। এই চশমা ব্যবহারে কর্মীরা হাতে ফোন না নিয়েই প্যাকেজ স্ক্যান, ঠিকানা অনুসরণ ও ডেলিভারি প্রমাণ সংগ্রহ করতে পারবেন।
অ্যামাজনের মতে, চশমাটিতে সংযোজিত আছে ক্যামেরা ও কম্পিউটার ভিশন প্রযুক্তি, যা আশপাশের ঝুঁকি ও ডেলিভারির নির্দেশনা সরাসরি ব্যবহারকারীর দৃষ্টিসীমায় প্রদর্শন করবে। ফলে কর্মীরা দ্রুত ও নিরাপদে ডেলিভারি সম্পন্ন করতে পারবেন। গাড়ি পার্ক করার পর চশমা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়, প্যাকেজ শনাক্ত করে এবং ডেলিভারি ঠিকানায় পৌঁছানোর নির্দেশনা দেয়।
চশমাটিতে প্রেসক্রিপশন লেন্স ও আলো অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মানিয়ে নেয়া লেন্স ব্যবহারের সুবিধাও থাকবে। এতে একটি কন্ট্রোলার থাকবে, যা ডেলিভারি ভেস্টে পরিধানযোগ্য এবং তাতে থাকবে অপারেশন কন্ট্রোল, পরিবর্তনযোগ্য ব্যাটারি ও জরুরি বোতাম।
বর্তমানে উত্তর আমেরিকায় সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে অ্যামাজন প্রযুক্তিটি আরও উন্নত করে ব্যাপকভাবে চালু করার পরিকল্পনা করছে।
এস এস/
প্রিন্ট করুন











Discussion about this post