নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টির অজুহাতে এক মাসের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি উত্তাপ কাঁচামরিচে। মাস খানেকের ব্যবধানে মরিচের দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা। গোল বেগুনেও যেন লেগেছে আগুন! কেজিতে সবজিটির দাম ৭০ থেকে ৮০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়, যা ব্রয়লার মুরগির চেয়ে বেশি।
সবজির খুচরা ব্যবসায়ীরা বলছেন, এমনিতেই বর্ষার সময় সবজির উৎপাদন ও জোগান কম থাকে। এর মধ্যে দুই-তিন দিন ভারী বৃষ্টি হয়েছে। ফলে ক্ষেতে পানি জমে আছে। এ কারণে উৎপাদন এলাকা থেকে বাজারে সবজি কম আসছে।
আড়তদাররা জানান, তারা কমিশনে সবজির ব্যবসা করেন। দাম কম-বেশির পেছনে তাদের ভূমিকা নেই। দাম নির্ভর করে সরবরাহের ওপর। তবে বিভিন্ন উৎসব কিংবা বৃষ্টির অজুহাতে বাজারে যেভাবে দাম বাড়ে, তা অযৌক্তিক। দাম স্বাভাবিক রাখতে পাহাড়ি অঞ্চলে সবজি চাষ করে সরবরাহ বাড়ানোর পরামর্শ দিয়েছেন আড়তদাররা।
ভোক্তাদের অভিযোগ, ব্যবসায়ীরা নানা অজুহাতে দাম বাড়ান। সরকারের নজরদারি না থাকলে তারা সুযোগ পেয়ে যান। ব্যবসায়ীরা একবার জিনিসপত্রের দাম বাড়ালে আর কমাতে চান না। এতে সবচেয়ে বেশি ভোগেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।
রাজধানীর তেজকুনিপাড়া থেকে ৮০ টাকায় ২৫০ গ্রাম কাঁচামরিচ কেনার পর মামুন মোল্লা জানান, বাজারে সবজি বলেন আর মরিচÑকোনো কিছুরই তো অভাব দেখলাম না। কিন্তু বৃষ্টির
দোহাই দিয়ে ব্যবসায়ীরা ডাকাতি করছেন। তার অভিযোগ, বাজারে সরকারের দুর্বল নজরদারির কারণে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।
এক মাস আগের সবজির দরে চোখ রাখলে দেখা যায়, গত ৫ সেপ্টেম্বর রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি লম্বা বেগুন ৬০ থেকে ১০০ টাকা, গোল বেগুন ১৩০ থেকে ১৪০, করলা ৮০ থেকে ১২০, বরবটি ৮০ থেকে ১০০, করলা ৮০ থেকে ১০০, পটোল ৬০ থেকে ৭০, ধুন্দল ও ঝিঙা ৬০ থেকে ৮০, ঢ্যাঁড়শ ৬০ থেকে ৮০, কাঁকরোল ৭০ থেকে ১০০ এবং চিচিঙ্গা ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া কাঁচামরিচ মানভেদে ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি প্রতিটি লাউ ৫০ থেকে ৭০, টমেটো ১২০ থেকে ১৫০, শসা ৬০ থেকে ৮০ টাকা ও চায়না গাজর ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
গতকাল রাজধানীর হাতিরপুল, মোহাম্মদপুর টাউন হল ও তেজকুনিপাড়ার খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দর এক মাসের তুলনায় ১০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। ৭০ থেকে ৮০ টাকার নিচে তেমন কোনো সবজি নেই।
এসব বাজারে গতকাল কাঁচামরিচের কেজি বিক্রি হয়েছে ২৮০ থেকে ৩০০ টাকা দরে। একইভাবে চড়া দেখা গেছে গোলবেগুনের দাম, প্রতি কেজি বিক্রি হয়েছে ২০০ থেকে ২২০ টাকায়। এই দর ব্রয়লার মুরগির চেয়ে অন্তত ৪০ টাকা বেশি। খুচরা পর্যায়ে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা দরে। বাজারে এখন
লম্বা বেগুন ৮০ থেকে ১২০, করলা ১০০ থেকে ১২০, পটোল ৭০ থেকে ৮০, ঢ্যাঁড়শ ৭০ থেকে ৯০, টমেটো ১৪০ থেকে ১৫০ এবং চায়না গাজর ১২০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি চিচিঙ্গা, ঝিঙে ও ধুন্দলের কেজি কিনতে ক্রেতার খরচ হবে কেজিতে ৭০ থেকে ৮০ টাকা।
খুচরা বাজারে সবজির দাম চড়লেও ভিন্ন চিত্র দেখা গেছে পাইকারি বাজারে। রাজধানীর অন্যতম বড় আড়ত কারওয়ান বাজার। এই বাজার থেকে কিনলে সব ধরনের সবজির কেজিতে ক্রেতার ২০ থেকে ৩০ টাকা সাশ্রয় হয়।
পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারে এত ব্যবধান কেনÑজানতে চাইলে হাতিরপুল কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী মো. অপু বলেন, ‘পূজা ও বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বেশি। আমরা কারওয়ান বাজার থেকে পাইকারি সবজি কিনে আনি। সেখানে সকালে এক দাম, বিকালে আরেক দাম। আমরা সাধারণত সকালেই সবজি কিনে আনি।’ এই ব্যবসায়ীর ভাষ্য, বৃষ্টি হলে সব সময় কাঁচামরিচের দাম বাড়ে। এখন দেশে কাঁচামরিচের উৎপাদন খুব কম। বলতে গেলে ভারতের মরিচের ওপর পুরো বাজার নির্ভর করে। পূজার কারণে ভারত থেকে মরিচ কম আসায় বাজারে এর প্রভাব পড়ছে।
সরবরাহ বাড়াতে কিছু পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি ইমরান মাস্টার। তিনি বলেন, বর্ষা মৌসুমে সবজির ফলন খুব কম হয়। বৃষ্টি হলে জমিতে পানি জমে। এতে গাছ মরে যায়। গ্রামে মানুষ ঘরবাড়ির আঙিনায় ধুন্দল, ঝিঙাসহ কিছু সবজি গাছ লাগিয়ে নিজেদের চাহিদা মেটায়। শহরেও এখন ছাদ বা বারান্দায় অনেকে সবজি গাছ লাগিয়ে কিছুটা হলেও চাহিদা মেটানোর চেষ্টা করেন।
তিনি বলেন, নিচু জমির কারণে বৃষ্টি হলে পানি জমে উৎপাদন ব্যাহত হয়। তবে বর্ষা মৌসুমে দেশের উঁচু জমি তথা পাহাড়ি এলাকায় পতিত জমিতে শাকসবজি লাগানোর ব্যবস্থা করলে সবজির সরবরাহ বাড়বে।
এ ব্যাপারে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও সাবেক সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, নানা অজুহাতে প্রতি বছরই এ সময় জিনিসপত্রের দাম বাড়ে। একটা চক্র সব সময় বাজার অস্থিতিশীল করে রাখে। তাদের রুখতে সরকারের নজরদারি বাড়ানো উচিত।
প্রিন্ট করুন








Discussion about this post