নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসে তারা পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন। পরে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী সাংবাদিকদের কাছে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমি পদত্যাগ করেছি। ব্যক্তিগত কারণ দেখিয়েছি। কোনো চাপের মুখে নয়, নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছি। নতুন পর্ষদ গঠিত হবে, তাদের জন্য শুভ কামনা রইল।’
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দুদকের বর্তমান চেয়ারম্যান এবং অপর কমিশনারও একই সময়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেন-কে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সময়ে দুই কমিশনার হিসেবে নিয়োগ পান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।
এর আগে ২০২৪ সালের ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার জহুরুল হক ও আছিয়া খাতুন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
২০২১ সালের ৩ মার্চ মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ইকবাল মাহমুদ-এর স্থলাভিষিক্ত হন। ওই সময় জহুরুল হক কমিশনার (তদন্ত) হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খান-এর স্থলে আছিয়া খাতুন নিয়োগপ্রাপ্ত হন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘দুর্নীতি দমন ব্যুরো’ বিলুপ্ত করে ২০০৪ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠিত হয় দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠার পর চেয়ারম্যানের দায়িত্ব পান অবসরপ্রাপ্ত বিচারপতি সুলতান হোসেন খান। চার বছরের মেয়াদ পূরণের আগেই ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি পদত্যাগ করেন।
একই বছরে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সাবেক সেনাপ্রধান হাসান মশহুদ চৌধুরী-এর নেতৃত্বে কমিশন পুনর্গঠিত হয়। পরবর্তীতে ২০০৯ সালে চেয়ারম্যানের দায়িত্ব পান সাবেক সচিব গোলাম রহমান। তার মেয়াদ শেষে ২০১৩ সালে চেয়ারম্যান হন মো. বদিউজ্জামান।
এরপর ২০১৬ সালের মার্চে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ। তার মেয়াদ শেষে ২০২১ সালের মার্চে দায়িত্ব নেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
দুদকের শীর্ষ পদে ধারাবাহিক পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন করে কমিশন পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রিন্ট করুন











Discussion about this post