শেয়ার বিজ ডেস্ক : ছয় সপ্তাহেরও বেশি সময় পর চোট কাটিয়ে ফিরছেন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) দলে জায়গা পেয়েছেন ফরাসি তারকা উইঙ্গারটি। দেম্বেলের সঙ্গে ফিরছেন দলনেতা মার্কিনিয়োসও। বাম উরুর চোটে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকার পর তিনিও ফিরেছেন স্কোয়াডে।
গত ৫ সেপ্টেম্বর ইউক্রেনের বিপক্ষে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ বাছাই ম্যাচে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন দেম্বেলে। এরপর থেকেই ছিলেন মাঠের বাইরে। দেম্বেলের দলে ফেরা নিয়ে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, “তোমরা হয়তো বেলন ডি’অর নিয়ে বেশি ভাবছো, কিন্তু উসমান দেম্বেলে একই মানুষ, একই খেলোয়াড়। সে আলাদা ধরনের ফুটবলার। আমরা তাকে আবার দলে পেয়ে ভীষণ খুশি। মার্কিনিয়োস আর দেজিরে ডোয়েও ফিরেছে, যা দলের জন্য দারুণ খবর।”
এনরিকে আরো যোগ করেন, “দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ফিরে পাওয়া আমাদের আরো বিকল্প দিচ্ছে। তবে এতে মূল কিছু পরিবর্তন হবে না। সবকিছু নির্ভর করছে খেলোয়াড়দের বর্তমান শারীরিক অবস্থার ওপর। দেখি আগামীকাল কেমন হয়।” লেভারকুসেন ম্যাচ নিয়ে এনরিকে বলেন, “তাদের দলে দারুণ মানের খেলোয়াড় আছে। তারা চাইলে রক্ষণাত্মক খেলা খেলতে পারে, আবার আক্রমণাত্মক প্রেসিংও করতে পারে। আমাদের ম্যাচটা খুব সাবধানে খেলতে হবে। তবে আমরা এমন পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত, ফুটবলে এটা নতুন কিছু নয়। তাই আমরা শান্ত এবং প্রস্তুত আছি। আজ অনুশীলনে সবাইকে দেখে সিদ্ধান্ত নেবো কারা খেলবে।”
চ্যাম্পিয়নস লিগে শিরোপাধারী পিএসজি এখন পর্যন্ত গ্রুপ পর্বে দুটি ম্যাচই জিতেছে। তবে গত সপ্তাহান্তে লিগে স্ট্রাসবুরের সঙ্গে ৩-৩ ড্র করায় লীগ ওয়ানে তারা এখন মার্শেইয়ের পেছনে দ্বিতীয় স্থানে আছে। ফ্রান্সের শীর্ষ লিগে পিএসজির বর্তমান রেকর্ড পাঁচ জয়, দুই ড্র ও এক হার; ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট- এক পয়েন্ট পিছিয়ে আছে রবের্তো দে জারবির মার্শেইয়ের চেয়ে।
অন্যদিকে, লেভারকুসেন কোচ ক্যাসপার হিউলমান্ড বলেছেন, তার দল পিএসজির বিপক্ষে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। “আমরা জানি, তারা শক্তিশালী প্রতিপক্ষ, কিন্তু আমাদের নিজেদের খেলার প্রতি আস্থা আছে,” বলেন তিনি।
চ্যাম্পিয়নস লিগে কঠিন সূচনার পর লেভারকুসেন এখন পর্যন্ত দুই ম্যাচে দুটি ড্র করে মাত্র দুই পয়েন্ট নিয়ে এলিমিনেশন জোনে আছে। তাদের সর্বশেষ ইউরোপীয় ম্যাচে পিএসভির সঙ্গে ১-১ ড্র হয়েছিল। তবে মঙ্গলবারের ম্যাচের আগে তারা বুন্দেসলিগায় মাইঞ্জকে ৪-৩ গোলে হারিয়ে ফিরেছে জয়ের ধারায়।
এস এস/
প্রিন্ট করুন






Discussion about this post