নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় তারেক রহমান সড়ক পরিবহনের বর্তমান অবস্থা সম্পর্কে রবিউল ইসলামের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।
আতিকুর রহমান রুমন আরও বলেন, প্রধানমন্ত্রী রাজধানীতে নারী বাস সার্ভিস চালুর জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, তিনি (তারেক রহমান) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন কাজ ঈদের আগে শেষ করারও নির্দেশনা দিয়েছেন।
এছাড়া পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে বৈদ্যুতিক যান (ইলেকট্রিক ভেহিকল) চালুর পরিকল্পনাও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে একই সঙ্গে অধিক সংখ্যক যাত্রী পরিবহন এবং পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে।
পাশাপাশি দেশের আন্তঃনগর যোগাযোগব্যবস্থা আরও দ্রুত ও সহজ করতে ভবিষ্যতে ‘হাই-স্পিড’ বা উচ্চগতির ট্রেন সার্ভিস চালুর বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।
প্রিন্ট করুন











Discussion about this post