নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে আবারও জোরালো উত্থান দেখা গেছে। পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। গতকাল সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেনজুড়ে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকায় দিনশেষে সূচক বড় ব্যবধানে বেড়ে যায়।
ডিএসই সূত্রে জানা যায়, দিনশেষে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮২ দশমিক ৮৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১১ পয়েন্টে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ১১ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৩ দশমিক ১৭ পয়েন্ট যোগ হয়ে ২ হাজার ৩১ পয়েন্টে অবস্থান করছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সাম্প্রতিক সময়ে লেনদেনের শুরুতে সূচক বাড়লেও শেষভাগে তা কমে যাওয়ার প্রবণতা ছিল। তবে এদিন ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। শুরু থেকেই ক্রয়চাপ অব্যাহত থাকায় শেষ পর্যন্ত সূচকের উত্থান ধরে রাখা সম্ভব হয়েছে।
ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২৭টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। অর্থাৎ অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারে ইতিবাচক প্রবণতা ছিল।
লেনদেনের পরিমাণেও এসেছে উল্লেখযোগ্য বৃদ্ধি। দিনভর ডিএসইতে ৬৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৪৭৮ কোটি ৫৩ লাখ টাকার তুলনায় অনেক বেশি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ছিল উত্থানের ধারাবাহিকতা। সিএসসিএক্স সূচক ৫৬ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৩৫ পয়েন্টে পৌঁছেছে। সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৯২ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭২ দশমিক ৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩ হাজার ৩৩৫ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ৯০২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। দিনভর লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ৮৫ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৬ কোটি ৩৩ লাখ টাকার চেয়ে বেশি।
সব মিলিয়ে উভয় পুঁজিবাজারে সূচক ও লেনদেনের উত্থান বিনিয়োগকারীদের আস্থার ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো-সিম টেক্স, এশিয়াটিক ল্যাব, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, বিএসসি, ব্র্যাক ব্যাংক, ফাইনফুডস, মুন্নু ফেব্রিক্স, সায়হাম টেক্স ও স্কয়ার ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-সার্প ইন্ডা., এবিব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, আইএফআাইসি, প্রিমিয়ার ব্যাংক, এক্সিম ১ম মি. ফা., ইউনাইটেড ফাইন্যান্স, এপেক্স স্পিনিং, এআইবিএল ১ম মি.ফা. ও এমবিএল ১ম মি.ফা.।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলোÑইসলামী ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, এলআর গ্লোবালমি. ফা-১, স্ট্যার্ন্ডার্ড সিরামিকস, আরএসআরএম স্টিল, প্যাসেফিক ডেনিমস, মেঘনা পেট, রেনউইকযজ্ঞেশ্বর, জিকিউ বলপেন ও এমারেল্ড অয়েল।
প্রিন্ট করুন










Discussion about this post