শেযার বিজ ডেস্ক : তৈরি পোশাক খাতে কর্মক্ষেত্র-সংক্রান্ত সব ধরনের অভিযোগ এখন থেকে নিষ্পত্তি করবে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি)। সংস্থাটি এত দিন শুধু পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওএসএইচ) বিষয়ক অভিযোগের দেখভাল করতো। তবে, এবার তাদের অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া আরও বাড়ানো হচ্ছে।
সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরএসসির বোর্ড অব ডিরেক্টরস সম্প্রতি এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। নতুন এই বিস্তৃত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা (কম্প্রিহেনসিভ কমপ্লেইন্টস মেকানিজম-সিসিএম) কার্যকর হবে আগামী ১৬ নভেম্বর থেকে। এই উদ্যোগের মাধ্যমে তৈরি পোশাক খাতের মালিক, শ্রমিক ও ব্র্যান্ডÑতিন পক্ষের অংশগ্রহণে একটি ঐক্যবদ্ধ ও স্বচ্ছ প্ল্যাটফর্ম গড়ে উঠবে, যেখানে কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা দ্রুত ও ন্যায্যভাবে সমাধান করা যাবে।
আরএসসি এখন থেকে পেশাগত নিরাপত্তার পাশাপাশি নতুন এই ব্যবস্থায় অন্যায্য চাকরিচ্যুতি বা চুক্তি সংক্রান্ত, বেতন- ভাতা ও ছুটি বিষয়ক, সংগঠন করার স্বাধীনতা ও যৌথ দরকষাকষি অধিকার, শিশুশ্রম, জোরপূর্বক শ্রম ও বৈষম্যের অভিযোগগুলোও তদারকি করবে।
আরএসসি জানায়, নতুন এই ব্যবস্থা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে, ১৬ নভেম্বর থেকে ৫৮টি ব্র্যান্ড এবং এক হাজার ১৮৫টি কারখানা এই প্রক্রিয়ার আওতায় আসবে। ছয় মাস পর দ্বিতীয় ধাপে বাকি সব ব্র্যান্ড ও কারখানাকে অন্তর্ভুক্ত করা হবে।
আরএসসি জানিয়েছে, অংশীদার কারখানাগুলোর সক্রিয় অংশগ্রহণ এই উদ্যোগ সফল করার মূল চাবিকাঠি। সংস্থাটি রূপান্তরকালীন কারখানাগুলোকে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দেবে।
আরএসসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক বলেন, ‘কর্মক্ষেত্রে ন্যায্যতা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতের পথে এটি একটি বড় পদক্ষেপ। আমরা
সবাই মিলে কাজ করতে চাই, যাতে অভিযোগ নিষ্পত্তি আরও সহজ ও বিশ্বাসযোগ্য হয়।’
প্রিন্ট করুন



Discussion about this post