শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন।
আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, সোমবার (৬ এপ্রিল) ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ‘সন্ত্রাসী হামলায়’ তিনি নিহত হন। তবে হামলার স্থান, পদ্ধতি কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইরানের দাবি, এ পর্যন্ত এসব হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
এই ঘটনার জবাবে ইরান ইসরাইলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে, যেখানে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে তেহরান।
বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে এবং পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।
প্রিন্ট করুন











Discussion about this post