নিজস্ব প্রতিবেদক: আসন্ন আন্তর্জাতিক ই-কমার্স মার্কেটপ্লেসের প্রি-লঞ্চ উপলক্ষে ‘পার্টনার কানেক্ট’ গ্যাদারিং আয়োজন করেছে দেশি ডিলাইটস। এই কৌশলগত আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও উত্তর আমেরিকার বাজারে বাংলাদেশি ব্র্যান্ডগুলোর প্রবেশের লক্ষ্য ও প্রস্তুতি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি B2B2C ই-কমার্স মডেলের আওতায় রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করায় স্থানীয় ব্র্যান্ডগুলোর জন্য বৈশ্বিক ভোক্তা বাজারে প্রবেশের পথ আরও সহজ হয়েছে। এই নীতিগত পরিবর্তন পশ্চিমা বিশ্বের প্রতিযোগিতামূলক খুচরা বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দেশি ডিলাইটস নিজেকে বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একটি কার্যকর সেতু হিসেবে গড়ে তুলতে চায়। প্ল্যাটফর্মটি বিশেষভাবে বিদেশে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির চাহিদা, আবেগ ও সাংস্কৃতিক সংযোগকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে, যাতে দেশীয় উদ্যোক্তারা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে সহজে পৌঁছাতে পারেন।
পার্টনার কানেক্ট অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্র্যান্ড প্রতিনিধি, রপ্তানিকারক ও শিল্প সংশ্লিষ্টরা বৈশ্বিক বাজারে প্রবেশের প্রস্তুতি, সরবরাহ ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে নতুন নিয়ন্ত্রক কাঠামোর আলোকে উদ্ভূত রপ্তানি সুযোগ ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশি ডিলাইটস ইউকে লিমিটেডের পরিচালক সরফরাজ আলী। তিনি বলেন, দেশি ডিলাইটস বাংলাদেশি পণ্যের মান ও ব্র্যান্ড পরিচয় আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে একটি অনুঘটক হিসেবে কাজ করবে এবং উদ্যোক্তাদের বৈশ্বিক পরিসরে সম্প্রসারণে সহায়তা করবে।
কনভেয়ার গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর আহমেদ জাকি দেশি ডিলাইটস ইউকে লিমিটেডের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেন। তিনি নতুন B2B2C ই-কমার্স মডেল বাস্তবায়নে কনভেয়ার গ্রুপের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আন্তঃসীমান্ত পরিবহন ও লজিস্টিকসে ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কনভেয়ার গ্রুপ বাংলাদেশি পণ্যের নির্বিঘ্ন বৈশ্বিক পরিবহন নিশ্চিত করতে প্রস্তুত বলে জানান তিনি। অনুষ্ঠানে কনভেয়ার গ্রুপের চেয়ারম্যান কবির আহমেদও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পার্টনার কানেক্ট সমাবেশ বাংলাদেশের ক্রমবর্ধমান ই-কমার্স রপ্তানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শিগগিরই দেশি ডিলাইটস তাদের আন্তর্জাতিক মার্কেটপ্লেস আনুষ্ঠানিকভাবে চালু করবে, যা বিশ্ববাজারে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
প্রিন্ট করুন











Discussion about this post