শেয়ার বিজ ডেস্ক : রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি অঞ্চলে প্রায় সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। বুধবার গভীর রাতে চালানো এসব হামলার ফলে ডিনিপ্রোপেত্রোভস্ক ও জাপোরিজ্জিয়া অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর: রয়টার্স।
স্থানীয় গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রিজার্ভ বা বিকল্প বিদ্যুৎ ব্যবস্থায় চলছে। জরুরি সেবাকর্মীরা সারা রাত ধরে বিদ্যুৎ, পানি ও তাপ সরবরাহ পুনরুদ্ধারের জন্য কাজ করছেন।
টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ফলে ডিনিপ্রোপেত্রোভস্ক ও জাপোরিজ্জিয়া অঞ্চল প্রায় সম্পূর্ণভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো রিজার্ভ বিদ্যুতে পরিচালিত হচ্ছে।
ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা টেলিগ্রামে লিখেছেন, ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করে জোরদারভাবে মেরামত কাজ চালানো হচ্ছে। জাপোরিজ্জিয়ায় বিকল্প বিদ্যুৎ উৎস ব্যবহার করে পানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিদেনকো সতর্ক করে বলেছেন, আসন্ন তুষারপাত এবং রাতের তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় বিদ্যুৎ ও তাপ সরবরাহে সংকট আরও বাড়তে পারে। তিনি আরও টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা প্রতিদিন শত্রুর হামলার মুখে পড়ছে। অত্যন্ত কঠিন পরিস্থিতিতে জ্বালানি খাতের কর্মীরা মানুষের জন্য আলো ও তাপ নিশ্চিত করতে কাজ করছেন। খারাপ আবহাওয়া গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
রাষ্ট্রীয় সমপ্রচারমাধ্যম সাসপিলনে জানিয়েছে, ডিনিপ্রো শহরে বিদ্যুৎবিভ্রাটের কারণে মেট্রো চলাচল বন্ধ হয়ে গেছে এবং আশপাশের এলাকাতেও বিদ্যুৎ নেই। পরিস্থিতির কারণে স্কুলের ছুটি আরও দুদিন বাড়ানো হয়েছে। ডিনিপ্রোপেত্রোভস্ক আঞ্চলিক কাউন্সিলের প্রধান জানিয়েছেন, কবে নাগাদ বিদ্যুৎ পুরোপুরি ফিরবে, তা এখনো স্পষ্ট নয়।
ক্রিভি রিহ শহরের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দ্র ভিলকুল বলেছেন, দুটি জেলায় পরিস্থিতি বিশেষভাবে কঠিন। সেখানে বিদ্যুৎ পুনরুদ্ধারে দলগুলো কাজ করছে। তিনি সর্বোচ্চ পরিমাণে জেনারেটর ব্যবহারের আহ্বান জানান।
জাপোরিজ্জিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছে, বিদ্যুৎ না থাকায় বিমান হামলার সতর্ক সাইরেন শোনা যাচ্ছে না। তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে এবং বাসিন্দাদের জরুরি অবস্থায় থাকা মোবাইল নেটওয়ার্ক ব্যবহারে সংযত থাকার অনুরোধ জানান।
প্রিন্ট করুন






Discussion about this post