নিজস্ব প্রতিবেদক: নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের প্রসার ও বাজার সম্প্রসারণে ব্র্যাক ব্যাংক-এর আয়োজনে তিন দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু হয়েছে। গুলশানের আলোকি কনভেনশন সেন্টার-এ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। চতুর্থবারের মতো আয়োজিত এ মেলার পর্দা নামবে ১ মার্চ।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর লীলা রশিদ ও আনিতা গাজী রহমান। এছাড়া ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮৮ জন নারী উদ্যোক্তা তাঁদের তৈরি দেশীয় পণ্য নিয়ে এবারের মেলায় অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী অধিকাংশ উদ্যোক্তা উৎপাদন খাতে যুক্ত, যারা দেশের ঐতিহ্যবাহী পণ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আগের মতো এবছরও মেলায় অংশগ্রহণের জন্য উদ্যোক্তাদের কোনো খরচ বহন করতে হচ্ছে না; আয়োজনের সব ব্যয়ভার বহন করছে ব্র্যাক ব্যাংক।
মেলায় বুটিক ও হাতে সেলাই করা পোশাক, হস্তশিল্প, মাটি ও পাটের পণ্য, প্রক্রিয়াজাত চামড়াজাত সামগ্রী, জামদানি ও মসলিনের পোশাক, খাদ্যপণ্য, অর্গানিক স্কিনকেয়ার আইটেম, বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ স্থানীয়ভাবে উৎপাদিত নানা ধরনের পণ্যের সমাহার রয়েছে। দর্শনার্থীদের জন্য ইফতার ও ডিনার ফুড কোর্টসহ অন্যান্য স্টলের ব্যবস্থাও রাখা হয়েছে।
নারী উদ্যোক্তাদের ডিজিটাল ইকোসিস্টেমে অন্তর্ভুক্ত করতে এবং ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে মেলায় কিউআর ও কার্ড পেমেন্ট-সুবিধা নিশ্চিত করেছে ব্র্যাক ব্যাংক। কিউআর পেমেন্টের মাধ্যমে কেনাকাটায় ক্রেতারা সর্বোচ্চ ২০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
এই মেলা নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার, বিক্রয় বৃদ্ধি এবং দেশের ঐতিহ্যনির্ভর সৃজনশীল পণ্যের উদ্ভাবনকে উৎসাহিত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। আয়োজকরা মনে করছেন, ঈদকে সামনে রেখে এ আয়োজন উদ্যোক্তাদের বিক্রি বাড়ানোর পাশাপাশি নতুন গ্রাহক সৃষ্টিতেও সহায়ক হবে।
মেলা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘উন্নয়নের সম-অংশীদার হিসেবে ব্র্যাক ব্যাংক নারী উদ্যোক্তাদের পূর্ণ সম্ভাবনার বিকাশে সহায়তা করে। সে মূল্যবোধ থেকেই আমরা এই ‘তারা উদ্যোক্তা মেলা’র আয়োজন করেছি।’
তিনি আরও বলেন, ‘এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের সুযোগ পাচ্ছেন, একইসঙ্গে আর্থিকভাবেও উপকৃত হচ্ছেন। বিশেষ করে ঈদের আগে আয়োজন হওয়ায় বিক্রি বৃদ্ধির পাশাপাশি নতুন গ্রাহক আকর্ষণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও ক্ষমতায়নে ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।’
প্রিন্ট করুন











Discussion about this post