নিজস্ব প্রতিবেদক: স্কয়ার টেক্সটাইলস পিএলসি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ এ ঘোষণা দেওয়া হয়।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন স্কয়ার টেক্সটাইলস পিএলসি-এর চেয়ারম্যান তপন চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক স্যামুয়েল এস চৌধুরী, পরিচালক অঞ্জন চৌধুরী ও মুহাম্মাদুল হক, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. কবির রেজা, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. আমিনুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি সঞ্জীব বরন রায়।
সভায় উপস্থাপিত জুন ৩০, ২০২৫ তারিখে সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির মোট বিক্রয় হয়েছে ২২.৬৫ বিলিয়ন টাকা, মোট মুনাফা ৩.০৩ বিলিয়ন টাকা এবং কর-পরবর্তী নীট মুনাফা ১.২৭ বিলিয়ন টাকা। আগের বছরের তুলনায় কোম্পানির বিক্রয়, মোট মুনাফা এবং নীট মুনাফা (কর-পরবর্তী) বেড়েছে যথাক্রমে ১৯.৬৭ শতাংশ, ৩০ শতাংশ এবং ১৭.৬৭ শতাংশ।
উক্ত আর্থিক বছরে কোম্পানি জাতীয় কোষাগারে ৩২৪.৫০ মিলিয়ন টাকা জমা দিয়েছে বলে সভায় জানানো হয়।
পরিচালক পর্ষদ কোম্পানির সকল কর্মকর্তা ও কর্মচারীর নিরলস প্রচেষ্টা ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), স্টক এক্সচেঞ্জসমূহ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বার্ষিক সাধারণ সভায় অনেক শেয়ারহোল্ডার কোম্পানির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন।
সভা শেষে চেয়ারম্যান তপন চৌধুরী কোম্পানির কার্যক্রমের প্রতি আস্থা ও অব্যাহত সমর্থনের জন্য শেয়ারহোল্ডারদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
প্রিন্ট করুন






Discussion about this post