নিজস্ব প্রতিবেদক: দেশের কৃষি উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন ও টেকসই চাষাবাদে অসামান্য অবদান রাখায় ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং চ্যানেল আই। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক গালা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ১০ম স্ট্যান্ডার্ড চার্টার্ড–চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয়, ইমপ্রেস টেলিফিল্ম–চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, কৃষি গবেষক, নীতিনির্ধারক এবং উন্নয়ন সহযোগীরা।
২০২৫ সালের পুরস্কারপ্রাপ্তদের তালিকা: এই বছরের অ্যাগ্রো অ্যাওয়ার্ডে সম্মাননা পেয়েছেন— আজীবন সম্মাননা: প্রফেসর ড. আব্দুল হালিম; সেরা কৃষক – নারী: আনোয়ারা খান ডলি; সেরা কৃষক – পুরুষ: আক্কাস খান; পরিবর্তনের নায়ক: আব্দুস সালাম; বছরের সেরা মেধাবী সংগ্রামী – নারী: পারভীন আক্তার; বছরের সেরা মেধাবী সংগ্রামী – পুরুষ: আব্দুল গফুর; সেরা কৃষি সাংবাদিক: রিয়াজ আহমেদ; সেরা জলবায়ু অভিযোজক: বার্সিক (BARCIK); সেরা ছাদকৃষি উদ্যোক্তা (নতুন বিভাগ): হোসনে আরা; সেরা প্রতিষ্ঠান (গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি): নেমল্যাব (NEMLAB); সেরা প্রতিষ্ঠান (সহায়তা ও বাস্তবায়ন): কৃষি বাজার লিমিটেড।
প্রায় পাঁচ শতাধিক আবেদন থেকে বাছাই করে বিজয়ীদের নির্বাচন করে জুরি বোর্ড। বোর্ডের সভাপতিত্ব করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। সদস্য ছিলেন ড. একে ফজলুল হক ভূঁইয়া, ড. মো. আব্দুল মজিদ, ড. জাহাঙ্গীর আলম, ড. এ কে এম নওশাদ আলম, এফএও–এর সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট ড. অনীল কুমার দাস, এবং ওয়াটারএইডের প্রোগ্রাম লিড জাকিয়া নাজনীন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘এই বছরটি আমাদের জন্য বিশেষ, কারণ অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আয়োজনের পাশাপাশি বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১২০ বছরের যাত্রাও উদযাপিত হচ্ছে। কৃষি শুধু অর্থনীতির একটি খাত নয়; এটি জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলার সবচেয়ে শক্ত ভিত্তি।’
চ্যানেল আইয়ের পরিচালক ও প্রধান বার্তা সম্পাদক শাইখ সিরাজ বলেন, ‘বৈশ্বিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন এবং মহামারির চাপের মধ্যেও দেশের খাদ্যব্যবস্থাকে সচল রেখেছেন আমাদের কৃষক, কৃষি উদ্যোক্তা ও গবেষকরা। তাদের অবদানকে সম্মান জানাতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি।’
২০১৪ সালে যাত্রা শুরু করা স্ট্যান্ডার্ড চার্টার্ড–চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড এখন দেশের কৃষি উৎকর্ষ সাধনে সর্বাধিক মর্যাদাপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। যেখানে দেশের মাটির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত মানুষ ও প্রতিষ্ঠানই পান তাঁদের সার্থকতার সর্বোচ্চ স্বীকৃতি।
প্রিন্ট করুন








Discussion about this post