নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।
আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হয়।
৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এই কর্মসূচির আওতায় হাম-রুবেলার টিকা পাবে। এর আগে টিকা নেওয়া থাকলেও চলমান ক্যাম্পেইনে আবারও টিকা গ্রহণ করা যাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চলবে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, দেশের হামের পরিস্থিতি বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
মন্ত্রী বলেন, যেসব এলাকায় সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেসব অঞ্চলকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করে এই বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। প্রাথমিকভাবে উচ্চঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে এটি সারা দেশে সম্প্রসারণ করা হবে এবং আগামী জুলাই মাসের মধ্যে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে চালু থাকবে।
বিশেষ টিকাদান কর্মসূচির আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে বরগুনা সদর ও পৌরসভা; পাবনা সদর, পৌরসভা, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া; চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচর; কক্সবাজারের মহেশখালী ও রামু; গাজীপুর সদর; চাঁপাইনবাবগঞ্জ সদর, পৌরসভা, শিবগঞ্জ ও ভোলাহাট; নেত্রকোণার আটপাড়া; ময়মনসিংহ সদর, ত্রিশাল, তারাকান্দা ও শ্রীনগর; রাজশাহীর গোদাগাড়ী; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; নওগাঁর পোরশা; যশোর সদর ও পৌরসভা; নাটোর সদর; মুন্সীগঞ্জ সদর, পৌরসভা ও লৌহজং; মাদারীপুর সদর ও পৌরসভা; ঢাকার নবাবগঞ্জ; ঝালকাঠির নলছিটি এবং শরীয়তপুরের জাজিরা উপজেলা।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এই সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
টিকাদান কর্মসূচির পাশাপাশি আক্রান্ত বা জ্বরগ্রস্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। তবে সুস্থ শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র টিকাই প্রদান করা হবে, অতিরিক্ত কোনো ওষুধ দেওয়া হবে না।
এ কর্মসূচির আওতায় আগের টিকাদান কেন্দ্রগুলোর পাশাপাশি স্থানীয়ভাবে নির্ধারিত স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি সেন্টারেও টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রিন্ট করুন











Discussion about this post