Print Date & Time : 1 May 2026 Friday 3:18 am

অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে : শেখ বশিরউদ্দীন

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গতকাল বলেছেন, ‘অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে। সে লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণকাজের ৮০ শতাংশ শেষ হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন শেষে গতকাল বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে আন্তর্জাতিক টার্মিনাল ভবনের বিভিন্ন কাজ ঘুরে

দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, ‘প্রথমে একটি বিমান দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। এরপর ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। যাত্রীদের আকর্ষণীয় মূল্যে টিকিট দেয়ার চেষ্টা থাকবে।’

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।