Print Date & Time : 29 April 2026 Wednesday 3:42 pm

আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ২৫ শতাংশ, ঘোষণা ১০% লভ্যাংশ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ২০২৫ হিসাব বছরে নিট মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৪৫ কোটি ৫০ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ২৫ দশমিক ৩৯ শতাংশ বেশি।

এর আগে ২০২৪ হিসাব বছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ছিল ৩৬ কোটি ৩২ লাখ টাকা।

উন্নত মুনাফার ধারাবাহিকতায় ২০২৫ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আগের বছরেও একই হারে লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, বিনিয়োগ আয় ও সুদ আয় বৃদ্ধি, বহুমুখী কৌশলগত পোর্টফোলিও এবং ব্যয় নিয়ন্ত্রণের ফলে এই মুনাফা অর্জন সম্ভব হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই লভ্যাংশের সুপারিশ করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সা, যা আগের বছরে ছিল ৯৩ পয়সা।

উল্লেখ্য, ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪০৯ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভে রয়েছে ২৪১ কোটি ৫১ লাখ টাকা।

মোট শেয়ারের মধ্যে ৪০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে। এছাড়া সরকারের কাছে রয়েছে ২১ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ১০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ১৮ দশমিক ৯৫ শতাংশ শেয়ার।