নিজস্ব প্রতিবেদক: কর্পোরেট সুশাসনে উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ টানা নবমবারের মতো আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল প্রতিষ্ঠানটি।
দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৪-এ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ড অ্যাওয়ার্ড’ লাভ করে ব্র্যাক ব্যাংক।
প্রতি বছর কর্পোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ মান বজায় রাখা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে এই পুরস্কার প্রদান করা হয়। শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স কাঠামো, টেকসই ব্যবসায়িক কৌশল এবং ধারাবাহিক আর্থিক সাফল্যের ভিত্তিতেই এ বছরও এই স্বীকৃতি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।
দেশীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মার্কেট ক্যাপিটালাইজেশন, আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সর্বোচ্চ অংশগ্রহণ এবং দেশের অন্যতম সেরা ক্রেডিট রেটিংপ্রাপ্ত ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের অবস্থান এই অর্জনকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। পাশাপাশি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি)-এর সদস্য হিসেবে ব্যাংকটি মূল্যবোধভিত্তিক ও টেকসই ব্যাংকিং কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
গত ১৭ ডিসেম্বর ২০২৫ ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান-এর হাতে এই সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, এফসিএমএ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, আইসিএমএবি-এর প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ, এবং ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম. মাসুদ রানা, এফসিএ,সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ উপলক্ষে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘সুশাসন, নৈতিকতা, কমপ্লায়েন্স ও স্বচ্ছতা আমাদের ব্যবসায়িক দর্শনের মূল ভিত্তি। আইসিএমএবি-এর মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান থেকে ধারাবাহিক এই স্বীকৃতি আমাদের শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স ও জবাবদিহিতার প্রতিফলন।’
তিনি আরও বলেন, ‘এই সম্মাননা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের কর্পোরেট গভর্ন্যান্স আরও সুসংহত করতে অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সেরা ব্যাংক হয়ে ওঠার পথে আমাদের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। আমাদের ওপর আস্থা রাখার জন্য গ্রাহক ও স্টেকহোল্ডারদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
প্রিন্ট করুন








Discussion about this post