Print Date & Time : 17 April 2026 Friday 9:28 am

আইসিসিবিতে অটো শো, নতুন মডেল ও প্রযুক্তির প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হচ্ছে তিনদিনব্যাপী অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’। আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

সেমস-গ্লোবাল ইউএসএ-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীর তথ্য আজ বুধবার (১৫ এপ্রিল) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

তিনি জানান, এবারের আয়োজনে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানি ও যুক্তরাজ্যসহ মোট ১০টি দেশের ৭০টিরও বেশি কোম্পানি ২০০টি বুথ নিয়ে অংশ নেবে। প্রদর্শনীতে মিতসুবিশি, টয়োটা, মার্সিডিজ বেঞ্জ, হুন্ডা, এমজি, প্রোটন, চাঙ্গান, গ্যাক মোটরস ও ডংফেন-সহ বিভিন্ন ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি প্রদর্শিত হবে।

টু-হুইলার সেগমেন্টে অংশ নেবে জিহো বাংলাদেশ, সিএফ মটো বাংলাদেশ, লংজিয়া ও ভিমোটোসহ বিভিন্ন ব্র্যান্ড। বাণিজ্যিক যানবাহনের মধ্যে থাকবে ফোটন ও ফোরল্যান্ড। এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোটর পার্টস এবং বৈদ্যুতিক যান (ইভি) প্রযুক্তিও প্রদর্শনীতে স্থান পাবে।

অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশের অধীনে একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘১৯তম ঢাকা মোটর শো ২০২৬’, ‘১০ম ঢাকা বাইক শো ২০২৬’, ‘৯ম ঢাকা অটো পার্টস শো ২০২৬’, ‘৮ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৬’ এবং ‘তৃতীয় ইলেকট্রিক ভেহিকল (ইভি) বাংলাদেশ এক্সপো ২০২৬’।

২৩ এপ্রিল দুপুর ১২টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

মেহেরুন এন. ইসলাম বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও প্রচলিত জ্বালানি সরবরাহে বিঘ্নের কারণে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ছে। ফলে বৈদ্যুতিক যানবাহন (ইভি) খাতে নতুন প্রযুক্তি ও সাশ্রয়ী সমাধানের গুরুত্ব দিন দিন বাড়ছে।

তিনি আরও বলেন, দেশের সবচেয়ে বড় এই আন্তর্জাতিক অটোমোটিভ প্রদর্শনী প্রচলিত শিল্পের উন্নয়নের পাশাপাশি নতুন প্রযুক্তি গ্রহণে সংশ্লিষ্ট খাতকে উৎসাহিত করবে।