Print Date & Time : 19 April 2026 Sunday 9:06 am

আগামীকাল স্পেসএক্সের স্টারশিপের ১১তম পরীক্ষামূলক উড্ডয়ন

শেয়ার বিজ ডেস্ক : স্পেসএক্স তাদের মহাকাশযান ‘স্টারশিপ’-এর ১১তম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেস কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ কার্যক্রম শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৫টা ১৫ মিনিটে।

স্পেসএক্সের ওয়েবসাইট ও এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে উড্ডয়নের ৩০ মিনিট আগে থেকেই সরাসরি সম্প্রচার করা হবে।

আগের আগস্টের সফল পরীক্ষায় স্টারশিপ প্রথমবারের মতো মহাকাশে আটটি ডামি স্টারলিংক স্যাটেলাইট বহন করেছিল। এবারো একই ধরনের আরেকটি পেলোড প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে। এই ফ্লাইটে ব্যবহৃত হচ্ছে পুনর্ব্যবহৃত সুপার হেভি বুস্টার, যার ৩৩টি র‍্যাপটর ইঞ্জিনের মধ্যে ২৪টি পূর্বে ব্যবহৃত হয়েছে।

এই মিশনের মূল লক্ষ্য হচ্ছে পরবর্তী প্রজন্মের সুপার হেভি বুস্টারের জন্য তথ্য সংগ্রহ, স্টারশিপের তাপরোধক স্তর বা হিটশিল্ডের চাপ সহনশীলতা পরীক্ষা, এবং ভবিষ্যতে উৎক্ষেপণ ঘাঁটিতে ফেরার সময়ের কক্ষপথগত কৌশল অনুশীলন।

তবে জানা গেছে, এবার স্পেসএক্স বুস্টারটিকে “চপস্টিক” বাহু দিয়ে ধরার চেষ্টা করবে না, এটি মেক্সিকো উপসাগরে পতিত হবে, আর স্টারশিপ নামবে ভারত মহাসাগরে।

এস এস/