Print Date & Time : 20 May 2026 Wednesday 1:52 pm

আড়াইহাজারে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাসের জোবিঅ-আড়াইহাজার,আবিবি-রূপগঞ্জ কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৯ মে ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একাধিক অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
তারিকুল ইসলাম। অভিযান পরিচালিত হয় দুপ্তারা (উদয়ন বোর্ড মিল সংলগ্ন), বাজবি পূর্বপাড়া, তাতিপাড়া ও কাঠালিয়াপাড়া এলাকায়। অভিযানে মোট ৬টি স্পট পরিদর্শন করা হয়। এর মধ্যে বিভিন্ন এলাকায় অবৈধ ২ ইঞ্চি ও ১ ইঞ্চি ডায়ার বিতরণ লাইন শনাক্ত করে অপসারণ করা হয়। প্রায় ২০০ ফুট এমএস পাইপ এবং ৫০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণ করা হয়েছে।

তিতাস সূত্র জানায়, উচ্ছেদকৃত অবৈধ সংযোগগুলোর মাধ্যমে প্রায় ২৪০টি বাড়িতে গ্যাস সরবরাহ এবং মোট ২৯০টি চুলা ব্যবহার হচ্ছিল। এতে আনুমানিক ৬ হাজার ৯০ ঘনফুট গ্যাস লোড ব্যবহৃত হচ্ছিল।

অভিযানে হাটখোলা পাড়া এলাকায় পূর্বে বিচ্ছিন্ন করা একটি অবৈধ ২ ইঞ্চি বিতরণ লাইন বিচ্ছিন্ন অবস্থাতেই পাওয়া যায়। এ ছাড়া কালিবাড়ি এলাকার সবুর ভুইয়া ডাইং (ঐশি ডাইং) প্রতিষ্ঠান পরিদর্শন করা হলে সেখানে গ্যাস সংযোগের কোনো আলামত পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির বয়লারে জুট ফার্নেস সংযুক্ত ছিল এবং বিকল্প জ্বালানি হিসেবে জুট ব্যবহার করতে দেখা যায়।

অভিযানে কোনো অর্থদণ্ড বা মামলা দায়ের করা হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি অবৈধ লাইন সম্পূর্ণ উচ্ছেদ করে উৎস পয়েন্ট থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।