নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে চারটি জাহাজে করে আসছে এক লাখ ৪১ হাজার টন ডিজেল, যা দিয়ে দেশের ১২ দিনের চাহিদা পূরণ হবে। এর ফলে দেশে ডিজেলের মজুত সক্ষমতা ২৫ দিনে দাঁড়াবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
গতকাল শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে বিপিসির উপ-মহাব্যবস্থাপক (গণসংযোগ) মনিলাল দাশ জানান, দেশে বর্তমানে এক লাখ ৫৫ হাজার টন ডিজেল মজুত রয়েছে। নতুন চারটি ট্যাংকারে আসছে আরও এক লাখ ৪১ হাজার টন। এই তেল খালাস হলে মোট মজুতের পরিমাণ দাঁড়াবে প্রায় দুই লাখ ৯৬ হাজার টন, যা দিয়ে দেশের প্রায় ২৫ দিনের চাহিদা মেটানো সম্ভব।
তিনি জানান, এক লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে আসা জাহাজগুলো হলো এমটি ওকট্রি, এমটি কেপ বনি, এমটি লিয়ান সং হু এবং এমটি গোল্ডেন হরাইজন। এর মধ্যে প্রথম তিনটি ট্যাংকার গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। অন্য জাহাজ এমটি গোল্ডেন হরাইজন আগামীকাল রোববার চট্টগ্রাম বন্দর এলাকায় পৌঁছাতে পারে। জাহাজ চারটির স্থানীয় এজেন্ট ‘প্রাইড শিপিং লাইনস’-এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।
বিপিসি সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে এক লাখ ৫৫ হাজার টন ডিজেল মজুত থাকায় চলতি মাসে জ্বালানি সরবরাহ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে নতুন সরবরাহ আসায় সেই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিপিসির তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল-নির্ভর। এর মধ্যে প্রায় ২৪ শতাংশ ব্যবহƒত হয় কৃষি খাতে। এ ছাড়া বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় কিছু বিদ্যুৎকেন্দ্রেও এই জ্বালানি ব্যবহার করা হয়। পরিবহন, কৃষি, শিল্প ও বিদ্যুৎ সব খাতেই ডিজেলের ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে।
সড়ক পরিবহনের বড় অংশ যেমন বাস, ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান মূলত ডিজেলচালিত। পাশাপাশি কৃষিতে সেচযন্ত্র, নৌযান এবং শিল্পকারখানার জেনারেটর চালাতেও ডিজেল অপরিহার্য।
২০২৪-২৫ অর্থবছরে দেশে ডিজেলের চাহিদা ছিল প্রায় ৪৩ লাখ ৫০ হাজার টন। এই চাহিদার বড় অংশ সরাসরি আমদানির মাধ্যমে পূরণ করা হয়। এছাড়া বছরে প্রায় ৭ থেকে সাড়ে ৭ লাখ টন ডিজেল পাওয়া যায় অপরিশোধিত তেল পরিশোধনের মাধ্যমে।
তবে ইরান-ইসরায়েল ও আমেরিকার মধ্যকার যুদ্ধাবস্থার কারণে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেলবাহী জাহাজ আসতে বাধাগ্রস্ত হওয়ার ফলে পেট্রোল ও অকটেন উৎপাদনে চরম সংকট দেখা দিয়েছে।

Print Date & Time : 18 April 2026 Saturday 4:21 pm
আরও ১ লাখ ৪১ হাজার টন ডিজেল আসছে
দিনের খবর ♦ প্রকাশ: