প্রতিনিধি, গাজীপুর : বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইটি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ও আজ সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে ইনডোর গেমস ফাইনাল, আলপনা অঙ্কন, বৈশাখী স্টল, ফ্ল্যাশমব এবং সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের প্রধান, আইটি বিভাগের প্রধান রাফাত আরা, শিক্ষকবৃন্দ, অ্যালামনাই এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দুই দিনব্যাপী এই আয়োজনে ক্যারাম, লুডু, দাবা ও টেবিল টেনিসের ফাইনাল পর্বে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পাশাপাশি আলপনা অঙ্কন ও বৈশাখী স্টল বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের রঙিন উপস্থাপন করে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চেতনা, সৃজনশীলতা এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নতুন প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
উৎসবের শেষ দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ এর সমাপ্তি ঘটে। পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
একে
