শেয়ার বিজ ডেস্ক: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে তিনি অংশ নেন।
স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রম আরও যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং সরকারি নির্দেশনা মাঠপর্যায়ের চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত জরুরি সেবা ক্যাটাগরিতে মনোনীত ছয়জন চিকিৎসককে ক্রেস্ট প্রদান করেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্ত চিকিৎসকরা হলেন—ডা. শোভন কুমার, আল মোরশেদ, মুজিবুর রহমান, সাজিদ হাসান, সুমন ক্লান্তি সাহা ও তাসনিম জুবায়ের।
স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের মতে, উপজেলা পর্যায়ের চিকিৎসাসেবা আরও শক্তিশালী করতে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
