শেয়ার বিজ ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৮৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেল অপারেটর, তথ্য প্রকাশ করেছে রয়টার্স।
সোমবার (২৭ এপ্রিল) রাতে জাকার্তার পার্শ্ববর্তী বেকাসি শহরে একটি কমিউটার ট্রেন ও দীর্ঘপথের ট্রেনের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাইফি বলেন, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম অত্যন্ত জটিল ও সংবেদনশীল। কিছু যাত্রী জীবিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে, তবে তারা এখনো ট্রেনের ভেতরে আটকে আছেন।
কর্তৃপক্ষ জানায়, স্টেশনটিতে একটি কমিউটার ট্রেন আগে থেকেই দাঁড়িয়ে ছিল। একই লাইনে পেছন থেকে আসা আরেকটি ট্রেন সেটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে নারীদের জন্য নির্ধারিত একটি কোচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানিয়েছেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং রেল নিরাপত্তা ব্যবস্থায় প্রয়োজনীয় উন্নয়ন আনা হবে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় রেল দুর্ঘটনা নতুন নয়। এর আগে ২০২৪ সালে পশ্চিম জাভায় একটি ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত এবং বহু মানুষ আহত হন।
