শেয়ার বিজ ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে আগামীকাল বৃহস্পতিবার পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশেরে ঘোষণা দিয়েছেন ইবতেদায়ি শিক্ষকরা। প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার সাক্ষাৎ না করায় এ কর্মসূচি ঘোষণা দেন তারা। শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে দুপুরে শিক্ষকদের প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ না পেয়ে ফিরে আসেন। ফের আন্দোলনে ফিরে যান।
প্রশাসনের সহযোগিতায় শিক্ষকদের ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে গিয়েছিলেন।
শিক্ষকদের প্রতিনিধিদলে ছিলেন, মোখলেছুর রহমান, জয়নুল আবেদীন জিহাদী, শামছুল আলম, তাজুল ইসলাম ফরাজী, মাও. শামসুল আলম, মাও. আল-আমিন, খোরশেদ আলম, নূরুল আমিন, মাও. সাইফুল ইসলাম, রেজাউল হক, আলতাফ হোসেন, নূর হোসেন, জাকির হোসেন, আক্তারুজ্জামান, রাকিবুল ইসলাম, আলাউদ্দিনে খান্দকার, মাহমুদুল হাসান, রঞ্জু মিয়া।
বুধবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা।
প্রেস ক্লাবের সামনে বেশকিছু প্ল্যাকার্ড প্রদর্শন করছেন শিক্ষকেরা। সেগুলোতে লেখা আছে ‘প্রাইমারি জাতীয়করণ, আমরা কেন বিনা বেতন’, ‘সরকার আসে সরকার যায়, ইবতেদায়ী শিক্ষক বিনা বেতনে কেন মারা যায়’, ‘দান অনুদান নয়, সাংবিধানিক অধিকার’, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ চাই’।
শিক্ষকরা অভিযোগ করে বলেন, বছরের পর বছর ধরে সরকারের কাছে জাতীয়করণের দাবি জানালেও এখন পর্যন্ত বাস্তব কোনো উদ্যোগ নেয়া হয়নি। এতে শিক্ষকরা চরম অনিশ্চয়তা ও অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।
শিক্ষক নেতারা বলেন, দেশের হাজারো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় কর্মরত শিক্ষকরা মাসের পর মাস বিনা বেতনে কাজ করছেন। অধিকাংশ প্রতিষ্ঠান থেকে তারা সামান্য সম্মানী পেলেও তা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। শিক্ষার মান উন্নয়ন ও প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারের অবহেলায় এই শিক্ষকরা বারবার বঞ্চিত হচ্ছেন।
এস এস/
