নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসি চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) মুনাফায় প্রবৃদ্ধি অর্জন করেছে। তবে একই সময়ে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি–মার্চ ২০২৬) কোম্পানিটির মুনাফায় কিছুটা ভাটা দেখা গেছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিক ও ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ১৯.৯৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫.০২ টাকা। এতে ৯ মাসে ইপিএস বেড়েছে ৪.৯২ টাকা বা ৩৩.৬৯ শতাংশ।
তবে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমে দাঁড়িয়েছে ৪.৬৭ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫.৫৫ টাকা। ফলে এ সময়ে ইপিএস কমেছে ০.৮৮ টাকা বা ৩২.৭৫ শতাংশ।
এদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৯.১০ টাকা।
উল্লেখ্য, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩২ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা এবং মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭টি। সর্বশেষ হিসাব অনুযায়ী, কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে ৪৪.৬৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৫.১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩০.১৩ শতাংশ শেয়ার রয়েছে।
