Print Date & Time : 1 May 2026 Friday 7:11 pm

ইলন মাস্কের এআই গ্রোকের সৃষ্টি কল্পিত প্রেমকাহিনি

শেয়ার বিজ ডেস্ক : টেসলার শেয়ারহোল্ডাররা এক ট্রিলিয়ন ডলারের নতুন পারিশ্রমিক প্যাকেজ অনুমোদনের পর, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক ভিন্নভাবে সপ্তাহান্ত উদযাপন করেছেন।

শনিবার ভোর ৪টা ২০ মিনিটে (স্থানীয় সময়) মাস্ক একটি ভিডিও পোস্ট করেন, যা তৈরি হয়েছে তার কোম্পানি এক্সএআইয়ের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা টুল গ্রোক ইমাজিন দিয়ে। মাস্ক জানান, ভিডিওটি তৈরি হয়েছে তার লেখা নির্দেশনা থেকে “সে হাসে এবং বলে, ‘আমি সবসময় তোমায় ভালোবাসব।’” ভিডিওতে দেখা যায়, বৃষ্টিভেজা রাস্তায় এক নারী সেই কথাগুলো বলছেন, কৃত্রিম কণ্ঠে।

কিছুক্ষণ পর মাস্ক অভিনেত্রী সিডনি সুইনির একটি এআই ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি বলেন, “তুমি খুবই বিব্রতকর।” এ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ ভিডিওটিকে “সবচেয়ে করুণ পোস্ট” বলে মন্তব্য করেন, কেউ একে “বিবাহবিচ্ছেদের পরের নিঃসঙ্গতা”র প্রতিচ্ছবি বলে ব্যঙ্গ করেন।

এরপর লেখিকা জয়েস ক্যারল ওটস মন্তব্য করেন, মাস্ক যেন জীবনের সৌন্দর্য বা সংস্কৃতির কোনো আনন্দই বোঝেন না। এর জবাবে মাস্ক লেখেন, “ওটস মিথ্যাবাদী এবং খারাপ মানুষ।”

এস এস/