Print Date & Time : 1 May 2026 Friday 4:46 pm

ইসি চাইলে ফল বাতিল করতে পারবে : ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) চাইলে পুরো আসনের ফল বাতিল করতে পারবে এবং ‘না’ ভোট ফিরছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তাছাড়া হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচনের পরও তদন্ত করে নির্বাচন কমিশন এমপি পদ বাতিল করতে পারবে বলে জানিয়েছেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মুলতবি কমিশন সভা শেষে গতকাল সোমবার সাংবাদিকদের এসব কথা জানান ইসি সানাউল্লাহ।

তিনি বলেন, নির্বাচনে কোনো  অনিয়ম হলে একটি, দুটি অথবা পুরো আসনের ফল নির্বাচন কমিশন চাইলে বাতিল করতে পারবে। এ ছাড়া ফলাফল ঘোষণার সময় সাংবাদিকরা থাকতে পারবেন বলে জানান এই নির্বাচন কমিশনার। কোনো আসনে একজন প্রার্থী থাকলে তাকে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে বলে জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ‘নতুন বিধিমালা অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না; বরং তাকে ‘না’ ভোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যদি ‘না’ ভোট বেশি হয়, তাহলে ওই আসনে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে।’

ইসি জানান, এখন থেকে কমিশন যেকোনো নির্বাচনী এলাকার ফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা রাখবে। আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা কার্যকরের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।