Print Date & Time : 24 May 2026 Sunday 2:20 am

ঈদকে সামনে রেখে আবার কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা। ফলে এখন এক ভরি ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

শনিবার (২৩ মে) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর প্রকাশ করা হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩৩২ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম কমেছে ১ হাজার ৮০৮ টাকা, ফলে নতুন দাম হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরিপ্রতি দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

এর আগে গত ২১ মে সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। তবে তার আগে কয়েক দফায় সোনার দাম কমানো হয়। ১৫, ১৬ ও ২০ মে মোট তিন দফায় দাম কমেছিল ৮ হাজার ৭৪৭ টাকা। পরে এক দফা বাড়িয়ে আবারও কমানো হলো একই পরিমাণ।

অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম রয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।