নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে কার্যক্রম আরও জোরদার করতে সহযোগী প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর মূলধন বাড়ানোর উদ্যোগ নিয়েছে উত্তরা ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে রাইটস শেয়ার সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্রোকারেজ হাউজটিতে ১৯২ কোটি টাকা বিনিয়োগ করবে ব্যাংকটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সহযোগী প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডাররা অনুমোদিত রাইটস অফারে অংশ নিয়ে এ বিনিয়োগ সম্পন্ন করবেন। এর আগে গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) রাইটস শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, ব্রোকারেজ হাউজটির প্রতিটি বিদ্যমান শেয়ারের বিপরীতে চারটি রাইটস শেয়ার ইস্যু করা হবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করে মোট ২০০ কোটি টাকা নতুন পরিশোধিত মূলধন সংগ্রহের লক্ষ্য স্থির করা হয়েছে।
এর মধ্যে ১৯২ কোটি টাকার জোগান দেবে উত্তরা ব্যাংক নিজেই, আর বাকি ৮ কোটি টাকা বিনিয়োগ করবেন ব্যাংকের সংখ্যালঘু ছয়জন ব্যক্তি বিনিয়োগকারী।
ইজিএমে অনুমোদনের পর ৩০ দিনের মধ্যেই পুরো সাবস্ক্রিপশন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
