শেয়ার বিজ ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৬ অক্টোবর সকাল ১০ টায় প্রকাশ হতে পারে। আন্ত:শিক্ষা বোর্ড এই তারিখে ফল প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয় আবেদন করেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) আন্ত:শিক্ষা বোর্ডের সভা সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত রয়েছেন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছিলেন, এইচএসসির উত্তরপত্র দেখার কাজ শেষ হয়েছে। এখন অন্যান্য কার্যক্রম চলছে। আগামী ১৮ অক্টোবর শেষ কার্যদিবস ধরে এর মধ্যে ফল প্রকাশ করা হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিলো গত ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিলো ১৩ আগস্ট। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে পুনরায় সূচি প্রকাশ করে পরীক্ষা নেয়ায় তা শেষ হয় ১৯ আগস্ট। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।
এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা হয়। এতে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এখন সোয়া ১২ লাখ শিক্ষার্থী অধীর অপেক্ষায় রয়েছেন চূড়ান্ত ফলের।
এস এস
