নিজস্ব প্রতিবেদক : দেশের দুই সুতা কারখানাÑআর এ স্পিনিং মিলস ও আউটপেস স্পিনিং মিলসের জন্য ৬৫০ কোটি টাকার জোটবদ্ধ (সিন্ডিকেট) অর্থায়ন করছে কমিউনিটি ব্যাংকের নেতৃত্বাধীন কয়েকটি ব্যাংক। এই অর্থ দিয়ে কারখানা দুটির আধুনিকীকরণ, পুনর্বাসন ও সম্প্রসারণ (বিএমআরই) কার্যক্রম পরিচালনার পাশাপাশি চলতি মূলধন হিসেবেও ব্যবহার করা হবে।
সম্প্রতি কারখানামালিক ও কমিউনিটি ব্যাংকের মধ্যে ৬৫০ কোটি টাকার জোটবদ্ধ অর্থায়ন নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে রাজধানীতে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং আর এ স্পিনিং মিলস ও আউটপেস স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক রাজীব হায়দার চুক্তিতে স্বাক্ষর করেন।
কারখানা দুটি আগে একীভূত প্রক্রিয়ায় থাকা এক্সিম ব্যাংকের গ্রাহক হলেও, আর্থিক সমস্যার কারণে এক্সিম ব্যাংক এখন তাদের
অর্থায়ন করতে পারছে না। এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে কমিউনিটি ব্যাংক, যা ব্যাংকগুলো থেকে অর্থ সংগ্রহে নেতৃত্ব দেবে এবং জোটবদ্ধ অর্থায়নের জন্য বিভিন্ন ব্যাংকে প্রস্তাব দেবে।
কমিউনিটি ব্যাংক জানিয়েছে, এই অর্থায়ন দুই কারখানার ব্যবসা সম্প্রসারণ এবং বিদ্যমান কার্যক্রম উন্নয়নে সহায়তা করবে। প্রতিষ্ঠান দুটি অত্যাধুনিক ইউরোপীয় উৎপাদন যন্ত্রপাতি, জ্বালানি সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা ব্যবহার করছে এবং টেকসই উৎপাদন মানদণ্ড অনুসরণ করছে। পরিবেশবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন সুবিধাও গ্রহণ করেছে।
কারখানা দুটি সুতা উৎপাদনের জন্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও পশ্চিম আফ্রিকা থেকে আমদানি করা উচ্চমানের কাঁচা তুলা ব্যবহার করে।
