Print Date & Time : 24 May 2026 Sunday 12:49 am

এক যুগ পর চট্টগ্রাম চেম্বারে ভোটের উৎসব

শেয়ার বিজ ডেস্ক: দীর্ঘ এক যুগ পর আবারও নির্বাচনী আমেজে মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার অনুষ্ঠিত হচ্ছে সংগঠনটির বহুল প্রতীক্ষিত নির্বাচন। তবে ভোটগ্রহণ শুরুর মাত্র ১৬ ঘণ্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে প্রতিদ্বন্দ্বী একটি প্যানেল।

নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-এ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগেই সকাল থেকে কেন্দ্রে ভিড় করেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন।

তবে নির্বাচনে অংশ নেওয়া সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ভোট শুরুর আগের দিন নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। শুক্রবার নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল লিডার এস এম নুরুল হক নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এসময় তিনি নির্বাচন প্রক্রিয়া, ভোটের সময় নির্ধারণ এবং আদালতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ তোলেন।

চেম্বার সূত্র জানায়, সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। এরপর আর কোনো ভোট হয়নি। পরবর্তী কমিটিগুলো গঠিত হয়েছে বিনাপ্রতিদ্বন্দ্বিতায়।

এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৬ হাজার ৭৮০ জন। এর মধ্যে সাধারণ সদস্য ৪ হাজার এক এবং সহযোগী সদস্য ২ হাজার ৭৬৪ জন। সাধারণ শ্রেণির ভোটাররা ১২টি এবং সহযোগী শ্রেণির ভোটাররা ছয়টি করে ভোট দিতে পারবেন।

নির্বাচনের মাধ্যমে সাধারণ শ্রেণি থেকে ১২ জন, সহযোগী শ্রেণি থেকে ছয়জন এবং ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন থেকে ছয়জন পরিচালক নির্বাচিত হবেন। পরে নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচিত করা হবে।

চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সাধারণ শ্রেণিতে ৩৭ জন এবং সহযোগী শ্রেণিতে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন থেকে ছয়জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

নির্বাচনকে কেন্দ্র করে দুটি প্যানেল গঠিত হয়— সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এবং ইউনাইটেড বিজনেস ফোরাম। যদিও সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে, তবুও ব্যালটে তাদের প্রার্থীদের নাম রয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্র ঘুরে দেখা যায়, ১৭টি বুথে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে ব্যালট সংগ্রহ করে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। কেন্দ্রের বাইরে ব্যবসায়ীদের জটলাও চোখে পড়ে।

ইউনাইটেড বিজনেস ফোরামের নেতা আমিরুল হক বলেন, দীর্ঘদিন পর ব্যবসায়ীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভোটারদের উপস্থিতিই প্রমাণ করে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চান।

নির্বাচনের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে এবং ভোটার উপস্থিতিও সন্তোষজনক।