নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হলো গত সপ্তাহের (১৯–২৩ এপ্রিল) লেনদেন। আলোচিত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯১৯ কোটি টাকা। একই সঙ্গে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর সবকটি মূল্যসূচকই ঊর্ধ্বমুখী ছিল। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪২ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৫ পয়েন্ট এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ২১ পয়েন্ট।
লেনদেনের দিক থেকেও ছিল ইতিবাচক প্রবণতা। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫১৪ কোটি ২৩ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৩ হাজার ২৭৩ কোটি ১৬ লাখ টাকা। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ হাজার ২৪১ কোটি ৭ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ৯০২ কোটি ৮৪ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৮১৮ কোটি ২৯ লাখ টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৮৪ কোটি ৫৫ লাখ টাকা বা ১০ দশমিক ৩৩ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ১৬৮টির কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।
বাজার মূলধনের দিক থেকে সপ্তাহ শেষে ডিএসইর অবস্থান দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি টাকা। অর্থাৎ, সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ২৮ শতাংশ।
অন্যদিকে, দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়ে দাঁড়িয়েছে ১৪,৮৩২ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক বেড়ে দাঁড়িয়েছে ৯,০৯৩ পয়েন্টে।
তবে লেনদেনের ক্ষেত্রে সিএসইতে ভিন্ন চিত্র দেখা গেছে। আলোচিত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা। ফলে সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৯৫ কোটি ৭০ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে মোট ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৮টির দাম বেড়েছে, ১৫১টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে।
