নিজস্ব প্রতিবেদক: দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি এপ্রিল মাসের প্রথমার্ধেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে, যা সামগ্রিক অর্থনীতির জন্য স্বস্তির বার্তা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিল একদিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮১ মিলিয়ন মার্কিন ডলার। আর চলতি মাসের ১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৮৮ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের ১ হাজার ৪৭২ মিলিয়ন ডলারের তুলনায় ২১.৫ শতাংশ বেশি। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
শুধু মাসিক নয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। অর্থবছরের শুরু জুলাই ২০২৫ থেকে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৭ হাজার ৯৯৬ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৩ হাজার ২৫৭ মিলিয়ন ডলার। সেই হিসেবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০.৪ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং প্রবাসীদের আস্থার কারণে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। একই সঙ্গে হুন্ডি প্রতিরোধে কঠোর অবস্থানও বৈধ পথে অর্থ প্রেরণ বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা ও আমদানি ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Print Date & Time : 18 April 2026 Saturday 6:06 am
এপ্রিলে রেমিট্যান্স প্রবৃদ্ধি ২১.৫ শতাংশ
দিনের খবর ♦ প্রকাশ: