নিজস্ব প্রতিবেদক: এবি ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘কৌশলগত পরিকল্পনা ২০২৬’ শীর্ষক এক দিনব্যাপী সভা সম্প্রতি চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজুল ইসলাম। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, মহাদেব সরকার সুমন এফসিএ এবং উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়ালসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের পূর্ববর্তী বছরের আর্থিক কার্যক্রম বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি ২০২৬ সালে নির্ধারিত ব্যবসায়িক ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় কৌশল, কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতিতেও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সুপরিকল্পিত কৌশল গ্রহণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ঝুঁকি ব্যবস্থাপনায় আরও বেশি গুরুত্ব দিতে হবে।
এবি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই কৌশলগত পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
