Print Date & Time : 25 April 2026 Saturday 2:47 am

এলএনজি বাজারে সংকট থাকতে পারে আগামী বছরও: আইইএ

শেয়ার বিজ ডেস্ক: মার্কিন-ইরান যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্ন ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির প্রভাবে আগামী বছরের শেষ পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজারে সংকট থাকতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। প্যারিস থেকে এএফপি এ খবর জানিয়েছে। গতকাল শুক্রবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে প্যারিসভিত্তিক সংস্থাটি জানায়, ‘স্বল্পমেয়াদি সরবরাহ ঘাটতি ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ধীরগতির কারণে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে এলএনজি সরবরাহে সামগ্রিকভাবে প্রায় ১২ হাজার কোটি ঘনমিটারের ঘাটতি হতে পারে।’
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যান্য অঞ্চলে নতুন গ্যাস উৎপাদন প্রকল্পগুলো চালু হলে সময়ের সঙ্গে এ ঘাটতি কিছুটা পুষিয়ে যেতে পারে। তবে এর প্রভাবে ২০২৬ ও ২০২৭ সালজুড়ে বাজারে সরবরাহ সংকট থাকতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে শুরু হওয়া ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম আকাশচুম্বী হয়েছে। এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে।
এর আগে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়। এলএনজির দাম নাগালের বাইরে চলে যায়। প্রতি ইউনিট এলএনজির দাম ৬০ ডলার ছাড়িয়ে যায়। বাংলাদেশ ৩৬ ডলার পর্যন্ত কিনলেও পরে আর পারেনি। ওই বছরের জুলাই থেকে টানা ৭ মাস খোলাবাজার থেকে এলএনজি আমদানি বন্ধ রাখা হয়। এতে দেশে গ্যাসের সংকট তৈরি হয় এবং বিদ্যুৎ উৎপাদন কমায় সারা দেশে লোডশেডিংয়ের ভোগান্তি দেখা দেয়।