Print Date & Time : 19 April 2026 Sunday 7:21 pm

এস আলম ইস্যুতে ইসলামী ব্যাংক ঘিরে নতুন দাবি

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকসহ ছয়টি ইসলামী ধারার ব্যাংক চট্টগ্রামভিত্তিক সাবেক ব্যবসায়ী এস আলমের হাতে পুনরায় তুলে না দেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী গ্রাহক সমন্বয়ক পরিষদ। একইসঙ্গে ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’ বাতিলের দাবিও জানানো হয়েছে।

আজ রোববার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মতিঝিলের ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। ‘ইসলামী ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে’ এই সমাবেশের আয়োজন করে ভুক্তভোগী গ্রাহক সমন্বয়ক পরিষদ।

এর আগে সকাল ১০টায় একই স্থানে অন্তর্বর্তী সরকারের সময়ে ছয়টি ব্যাংক থেকে চাকরিচ্যুত কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী চাকরিতে পুনর্বহাল, বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল এবং এস আলমের হাতে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেন।

পরে সেই কর্মসূচির প্রতিবাদে দুপুরে ভুক্তভোগী গ্রাহক সমন্বয়ক পরিষদ পৃথক সমাবেশ আয়োজন করে।

সমাবেশে ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার মোতাছেম বিল্লাহ বলেন, ‘বিগত ফ্যাসিস্টরা ইসলামী ব্যাংককে ধ্বংস করে দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে। এর পেছনে একটি চক্র ও পাশ্ববর্তী দেশের ইন্ধন রয়েছে। আমরা আমাদের ব্যাংক রক্ষায় দৃঢ় অবস্থানে আছি।

ইসলামী ব্যাংকের বড় গ্রাহক ও ব্যবসায়ী শামিম হাসান বলেন, স্বাধীনতার পর ইসলামী ব্যাংক মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। কিন্তু একটি চক্র বিদেশ থেকে অর্থায়নের মাধ্যমে ভাড়াটে লোকজন দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি ঘোষণা দেন, ব্যাংক রক্ষায় গ্রাহক ও কর্মীরা নিয়মিতভাবে মাঠে থাকবে।

সমাবেশে বক্তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্যাংকিং খাতে হস্তক্ষেপের ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসলামী ব্যাংক নিয়ে কোনো ‘উল্টোপাল্টা সিদ্ধান্ত’ নেওয়া হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দেন তারা।